ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালকে কেন্দ্র করে বাসে আগুন দেওয়া ও প্রস্তুতির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্ততাররা হলেন- মুজিবর রহমান (৪০), আনিসুর রহমান (৩৩), মো. রিপন খান (২৮), মনিরুল ইসলাম মনির (৩৫), আবু তাহের (৩২), সাদ্দাম(১৮) ও সাগর (২১)।
রাজধানীর মতিঝিল ও শাহবাগ থানার পুলিশ তাদের শনিবার রাতে গ্রেপ্তার করে বলে ঢাকা মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদের প্রথম চারজনকে একটি মিনিবাসে অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে শাহবাগ থানার পুলিশ গ্রেপ্তার করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, আবু তাহেরের কাছ থেকে মতিঝিল থানার পুলিশ দুই লিটার পেট্রোল উদ্ধার করে।
'প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতিঝিলে একটি মিনিবাসে অগ্নিসংযোগের কথা স্বীকার করেছে আবু তাহের।'
তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া মোহাম্মদপুর থানার পুলিশ রায়েরবাজার এলাকা থেকে রোববার দুপুরে একটি বাসে আগুন দেওয়ার প্রস্তুতির সময় অবশিষ্ট দুজনকে এক লিটার পেট্রোলসহ গ্রেপ্তার করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/পিডি/২০০৯ ঘ.
bdnews24