চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের জন্য দেশের মানুষ মানসিকভাবে প্রস্তুত বলে দাবি করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার রাতে নগরীর ডিসি হিল প্রাঙ্গণে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন, মাহমুদুর রহমান সংবর্ধনা পরিষদ ও আমার দেশ পাঠকমেলা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, বেকারত্বসহ নানা কারণে জনজীবন আজ অতিষ্ঠ। দিশেহারা মানুষ মুক্তির পথ খুঁজছে। আন্দোলনের জন্য তারা মানসিকভাবে প্রস্তুত।
বর্তমান সরকারের নিপীড়ন নির্যাতনের কারণে দেশের সংবাদপত্রগুলো দায়িত্ব পালন করতে পারছে না বলে অভিযোগ করে তিনি বলেন, জাতীর বিবেক না কি সংবাদপত্র। কিন্তু সরকারের অত্যাচার নিপীড়নের কারণে সংবাদপত্র আজ দেশ, জাতি, স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের স্বার্থেও মুখ খোলার সাহস পাচ্ছে না।
সংবর্ধিত প্রধান অতিথি মাহমুদুর রহমান বলেন, ট্রানজিট ও করিডরের নামে সরকার সারা দেশকে ভারতের কাছে লিজ দিয়ে দিয়েছে।
প্রতিদিন বিএসএফ বাংলাদেশের নাগরিকদের হত্যা করছে অভিযোগ করে তিনি বলেন, এরপরও ভারতের সেবাদাস প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নিশ্চুপ বসে আছেন।
শেয়ার বাজার ও ইউনিপে টু ইউ কেলেঙ্কারির মাধ্যমে সরকার মোট দুই লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি'র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, সাবেক সাংসদ রোজী কবীর, নগর কমিটির সহ-সভাপতি শামসুল আলম, এস এম ফজলুল হক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/২২৩৯ ঘ.
bdnews24