২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বিএনপির মিছিল, আটক ৪

হরতালের সমর্থনে বান্দরবানে বিএনপির মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

বান্দরবান, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সমর্থনে বান্দরবানে বিএনপির মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জেলা শহরে এ মিছিল বের করেন তারা। আটক হয়েছেন- ছাত্রদলের রুমা উপজেলা সভাপতি মংটিং ওয়ে মারমা, বান্দরবান কলেজ ছাত্রদলকর্মী প্রদীপ তঞ্চঙ্গ্যা, জেলা যুবদলকর্মী জিয়া উদ্দিন ও শ্রমিক দলকর্মী নজির আহমদ ড্রাইভার। জেলা ছাত্রদল সভাপতি সাবিকুর রহমান জুয়েল জানিয়েছেন, রোববারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সন্ধ্যা ৭টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বান্দরবান বাজারের চিম্বুক হোটেলের সামনে এলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং চারজনকে আটক করে। মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বান্দরবান পৌর মেয়র জাবেদ রেজা, ছাত্রদল সভাপতি সাবিকুর রহমান জুয়েল, সম্পাদক দৌলতুল কবির খান প্রমুখ অংশ নেন। বান্দরবান সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নুরুন্নবী চার বিএনপি নেতাকর্মীকে আটকের কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৮ ঘ.