পিরোজপুর/পাবনা/চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা ও পিরোজপুরে হরতালের সমর্থনে বের করা বিএনপির মিছিলে লাঠি চালিয়েছে পুলিশ। এতে আহত হয়েছে অন্তত ১৮ জন।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে বিএনপি রোববার সারাদেশে দিনব্যাপী হরতালের কর্মসূচি দিয়েছে।
শনিবার সকালে সারাদেশের মতো পিরোজপুর জেলা শহরে বিএনপি মিছিল বের করে। কেন্দ্রীয় মসজিদের সামনে মিছিলটি এলেই পুলিশ এতে বাধা দেয়।
পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি নেতা-কর্মীরা মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ লাঠিপেটা শুরু করে।
পুলিশের হামলায় ছয় জন আহত হয়েছে বলে জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান বাদল দাবি করেছেন।
মিছিলের আগে পিরোজপুর বিএনপির নেতারা শহরের প্রধান বাজারে হরতালের সমর্থনে ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিলি করেন।
দুপুরে পাবনা জেলা শহরে বিএনপির মিছিলে পুলিশ লাঠিপেটা করে। এতে আহত হয় ১২ জন।
জেলা বিএনপির সভাপতি কেএস মাহমুদ সাংবাদিকদের জানান, হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন বাস টার্মিনাল পৌঁছলে পুলিশ বিনা উস্কানিতে তাতে লাঠি চালায়।
পুলিশি হামলায় আহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি একেএম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সভাপতি তৌফিক হাবিব, সাংগঠনিক সম্পাদক আরিফ খান, জেলা যুবদলের সভাপতি শেখ তুহিন প্রমুখ।
হামলার প্রতিবাদে জেলা বিএনপির সভাপতির সভাপতিত্বে দলীয় কার্যালয়ে সামনে এক প্রতিবাদ সমাবেশ হয়।
চট্টগ্রামে হরতালের সমর্থনে প্রচারপত্র বিলি করেছে নগর বিএনপি নেতারা। সকালে নগরীর কাজীর দেউরী এবং এর আশেপাশের এলাকায় হরতালের সমর্থনে প্রচারপত্র বিলি করা হয়।
লিফলেট বিলির সময় ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাজহারুল ইসলাম দোলন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, নগর ছাত্রদলের সাধারণ সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি প্রমুখ।
অন্যান্য জেলাগুলোতেও মিছিল ও প্রচারপত্র বিলি করেছে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/সিএস/এমআই/১৬০০ ঘ.
bdnews24