২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইসি মজবুত না হলে ভালো নির্বাচন অসম্ভব'

সুষ্ঠু নির্বাচন চাইলে নির্বাচন কমিশনকে (ইসি) পূর্ণ স্বাধীনতা দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুষ্ঠু নির্বাচন চাইলে নির্বাচন কমিশনকে (ইসি) পূর্ণ স্বাধীনতা দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "নির্বাচনী সংস্কৃতি যতো ভালোই হক। ভিত যদি দৃঢ় না হয়, তবে নির্বাচন ভালো হতে পারে না।" নির্বাচন কমিশনকে স্বাধীন করতে আইনে কোনো অসঙ্গতি থাকলে তা সংশোধন করতে হবে বলেও মত দেন সাখাওয়াত। এই নির্বাচন কমিশনার বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকুক বা না থাকুক- নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকেই। এটা কমিশনের সাংবিধানিক অধিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ত্রয়োদশ সংশোধনী নিয়ে আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার আর কোনো সুযোগ নেই। বর্তমান সরকারের মেয়াদ শেষে সংসদীয় গণতন্ত্রের নিয়মেই নির্বাচন হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হবে। অবশ্য সংবিধান সংশোধনের ক্ষেত্রে ইসির পক্ষ থেকে তিনটি বিষয়ে সুপারিশ করা হলেও সেগুলো আমলে নেওয়া হবে না বলে জানিয়েছেন এ বিষয়ে গঠিত বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। গত ৭ এপ্রিল বিশেষ কমিটিতে পাঠানো ওই চিঠিতে একসঙ্গে একাধিক আসন থেকে নির্বাচন করার সুযোগ রহিত করা এবং তফসিল ঘোষণার পর থেকে ফলের গেজেট প্রকাশ পর্যন্ত ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার সুযোগ বন্ধের বিধি সংবিধানে যুক্ত করার প্রস্তাব করা হয়। এসব সুপারিশ বিশেষ কমিটি আমলে নেবে না জানিয়ে কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের বিষয়ের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। কমিশন যদি মনে করে, এগুলো গণপ্রতিনিধিত্ব আদেশেই অন্তর্ভূক্ত করতে পারে।" এ বিষয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন গত ১৭ মে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে নয়, সংবিধানেই এসব সংশোধনী অন্তর্ভূক্ত করতে হবে। তা না হলে এর কোনো প্রায়োগিক ভিত্তি দাঁড়াবে না। সংবিধান সংশোধন কমিটির সাড়া না পেলেও ইসির পক্ষ থেকে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন ও কমিশনের নিয়োগ পদ্ধতি নিয়ে বেশ কিছু সুপারিশ পাঠানো হয়েছে সরকারের কাছে। এম সাখাওয়াত হোসেন বলেন, "সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে। কোনোভাবেই নির্বাচন কমিশনকে সরকারের মুখাপেক্ষী হতে দেওয়া যাবে না। এ জন্য নির্বাচন কমিশনকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দিতে হবে।" ২০০৯ সালে প্রণীত স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় আইন অনুযায়ী, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে এবং সচিবালয় তা বাস্তবায়ন করবে। ওই আইনে কমিশনের বিষয়ে একক কর্তৃত্ব প্রধান নির্বাচন কমিশনারের হাতে এবং সচিবালয়ের কর্তৃত্ব সচিবের হাতে দেওয়া হয়েছে। ইউপি নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে সাখাওয়াত বলেন, সার্বিক দৃষ্টিকোণে নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। তবে কিছু কিছু জায়গায় ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীরা 'বিশৃঙ্খলা' সৃষ্টি করছে বলে জানান তিনি। গত ৩১ মে শুরু হওয়া দ্বিতীয় দফার এই নির্বাচন চলবে ৫ জুলাই পর্যন্ত। গণমাধ্যমের সঙ্গে সংলাপ ১১ জুন সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপের তারিখ পরিবর্তন করে ১১ জুন নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন এম সাখাওয়াত হোসেন। ৫ জুন সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে ইসির এই সংলাপ হওয়ার কথা ছিলো। কিন্তু ওই দিন হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে সংলাপ ৯ জুন হওয়ার কথা থাকলেও বাজেট অধিবেশনের কারণে পেছানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে দলটি। নির্বাচন কমিশনার সাখাওয়াত বলেন, আওয়ামী লীগের চিঠির ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে আওয়ামী লীগের সঙ্গে সংলাপের দিন নির্ধারণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/২১০৩ ঘ.