২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরফ্যাশনে নির্বাচনী বিধি ভঙ্গ করায় গ্রেপ্তার ৬

ভোলার চরফ্যাশন উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য এক সদস্য প্রার্থীসহ তিন জনকে জেল-জরিমানা এবং ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ভোলা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য এক সদস্য প্রার্থীসহ তিন জনকে জেল-জরিমানা এবং ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন চলাকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী হাকিম নুরুল হাফিজ তিন জনকে জেল-জরিমানা করেন বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার ভোলার ওসমানগঞ্জ, আমিনাবাদ, নুরাবাদ, আবু বকরপুর ও আব্দুল্লাহপুর এ পাঁচ ইউনিয়নে নির্বাচন হয়। চরফ্যাশন থানার ওসি রিয়াজ হোসেন সাংবাদিকদের জানান, বিকাল ৩টার দিকে আমিনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হালিমাবাদ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে লাঠিসোঁটা জড়ো করার অপরাধে ওই ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. আক্তার (মোরগ প্রতীক) ও তার সমর্থক মো. রুবেলকে পুলিশ আটক করে। তিনি জানান, এছাড়া নুরাবাদ ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে আবুল কালাম (৫০), জুলফিকার (৪৫), মাকসুদ ফরাজি (২০), মমিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। বিকাল পর্যন্ত তারা থানা হাজতে ছিলো। নুরুল হাফিজ জানান, নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আবদুল্লাহপুর ইউনিয়নে ৫নম্বর ওয়ার্ড কেন্দ্র থেকে মো. আলাউদ্দিন (৩৬) নামের এক জনকে ৭ দিন এবং ওসমানগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জনতা বাজার রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রুহুল আমিন নামের এক জনকে এক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও সুমন নামের এক ভোটারের ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে নুরুল হাফিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯১০ ঘ.