২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন: গোপালগঞ্জে ৭ ইউনিয়নে সংঘর্ষ

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের চার উপজেলায় সাত ইউনিয়নে পৃথক সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

গোপালগঞ্জ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের চার উপজেলায় সাত ইউনিয়নে পৃথক সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছে। সংঘর্ষের সময় ২০টি দোকান এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা, চন্দ্রদীঘলিয়া, কোটালীপাড়া উপজেলার হিরন, কলাবাড়ি , টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী, কুশলী ও মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নে পৃথকভাবে এ সংঘর্ষ হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হিরন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেয়ারম্যান প্রার্থী মুন্সি ইবাদুলের লোকজন তার সমর্থকদের মারধর করেছে। লোহার অংক গ্রামের খলিফা বাড়িতে এবাদুল ভোট কিনতে গেলে তাতে বাধা দেওয়ায় এ মারপিট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় এবাদুলের লোকজন ফুল বাজারের ২০টি দোকানসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে বলে অভিযোগ করেন তিনি। মুন্সি এবাদুল অভিযোগ অস্বীকার করে বলেন, লোহার অংক গ্রামে সদস্য প্রার্থী মুসা বিশ্বাস ও প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী জাকির দাড়িয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে। বুধবার সকালে ওই উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কালিগঞ্জে সদস্য প্রার্থী চিত্ত বিশ্বাসের সমর্থকরা প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী সমর হালদারের লোকজনের উপর হামলা চালালে অন্তত ১০ জন আহত হয়। মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামে চেয়ারম্যান প্রার্থী ইবাদত মাতুব্বরের নির্বাচনী পোষ্টার টানানো নিয়ে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী শাহ আকরাম হোসেন জাফরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই নারীসহ ৫ জন আহত হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়ায় সদস্য প্রার্থী ফয়েজুল মুন্সি ও কুদ্দুস মুন্সির সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত: ১৫ জন আহত হয়েছে। এদিন সকালে কুশলী ইউনিয়নের নিলফা গ্রামে সদস্য প্রার্থী মিজানুর সিকদার ও কেরামতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়। বুধবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ঘোনাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী কদর ও মনির চৌধূরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। বুধবার বিকেলে চন্দ্রদীঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিএম ওবায়েদ ও বিএম আকায়েত আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। এছাড়া টুঙ্গিপাড়ার কুশলী, ডুমুরিয়া ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আরো ১০ জন আহত হয়েছে। প্রসঙ্গত, এই ইউনিয়নগুলোতে ৪ জুন থেকে নির্বাচন শুরু হবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৭১৪ ঘ.