ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো প্রয়োজন নেই- এমন অভিমত দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বলেছেন, একটি স্বাধীন, শক্তিশালী নির্বাচন কমিশনই এর জন্য যথেষ্ট।
মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তনকে 'রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস ও আস্থাহীনতার প্রতীক' হিসেবে উল্লেখ করে হানিফ বলেন, "অনাদিকাল ধরে এটা চলতে পারে না। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নির্বাচন কমিশন। তত্ত্বাবধায়ক সরকারের এখানে কিছুই করার নেই।"
সম্মিলিত নাগরিক আন্দোলন 'তত্ত্বাবধায়ক সরকার-একটি পর্যালোচনা' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
সম্মিলিত নাগরিক আন্দোলনের আহ্বায়ক গোলাম কুদ্দুসের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ড. জাফরুল হাসান খান।
নির্বাচন কমিশনকে আরো স্বাধীন, শক্তিশালী করার পাশাপাশি প্রশাসনকে নিরপেক্ষ করার প্রস্তাব দেন বক্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২০৫৯ ঘ.
bdnews24