২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে রাসু হত্যা: গ্রেপ্তার আরো ৩

নাটোরে যুবলীগকর্মী আবু বক্কর রাসু ওরফে রাশেদুল হত্যার ঘটনায় যুবলীগের আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

নাটোর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে যুবলীগকর্মী আবু বক্কর রাসু ওরফে রাশেদুল হত্যার ঘটনায় যুবলীগের আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলা শহরের জেলেপাড়া থেকে গ্রেপ্তার হয়েছেন নিবুল (২২), উজ্জ্বল (২০) ও সাজেদ (২১)। এদিকে ঘটনার দিন গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গত ২৩ মে রাতে শহরের কানাইখালী জেলেপাড়ায় গুলিতে নিহত হন রাসু। ওইদিনই পুলিশ সাব্বির, রিপন, সুভাষ, গৌতম ও সোহরাবকে গ্রেপ্তার করে। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, ঘটনার দিন আটক পাঁচজনের মধ্যে চারজনকে তিনদিনের এবং একজনকে দুইদিনের হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। বুধবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম লিয়াকত আলী মোল্লা এই আদেশ দেন। গত ২৩ মে সকালে কয়েকজন যুবক রাসুকে অপহরণ করে। রাতে তাকে গুলি করে জেলেপাড়া মহল্লায় ফেলে রেখে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১১৩ ঘ.