২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসিতে ১০ আসনের সুপারিশ ইসির

ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) এলাকার সংসদীয় আসন ১০টিতে সীমাবদ্ধ রাখার প্রস্তাব সম্বলিত খসড়া বিধিমালা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 06:14 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) এলাকার সংসদীয় আসন ১০টিতে সীমাবদ্ধ রাখার প্রস্তাব সম্বলিত খসড়া বিধিমালা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ খসড়া বিষয়ে মতামত নিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠানো শুরু হয়েছে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানুষ ঢাকামুখী হয়ে পড়ায় জনসংখ্যা অনুপাতে নির্বাচনী এলাকা নির্ধারণ করতে গিয়ে ঢাকার আসন সংখ্যা বেড়েই চলছে। "তবে দেশের সংসদীয় আসন ৩০০-এ সীমাবদ্ধ রাখতে পার্বত্য তিন জেলা ও ডিসিসি'র আসন বাদ দিয়ে বাকিগুলো সমানুপাতে বণ্টন করার সুপারিশ করা হয়েছে।" বর্তমানে ডিসিসি'র ১৩ আসন নিয়ে ঢাকা জেলায় সংসদীয় এলাকা ২০টি। অথচ অষ্টম সংসদে মহানগরীতে ৮টি সহ জেলার মোট আসন ছিলো ১৩টি। রাজনৈতিক দলগুলোর মতামত এ প্রস্তাব চূড়ান্ত করতে সহায়ক হবে বলে জানান ছহুল। ১৯৭৬ সালে প্রণীত সীমানা পুনর্র্নিধারণ অধ্যাদেশ রহিত করে 'নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০১১-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। এ খসড়ার আলোকে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিধিমালা ২০১১ তৈরি করেছে নির্বাচন কমিশন। ছহুল হোসাইন বলেন, "বিদ্যমান আইন অনুসরণ করে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় সংসদের সীমানা পুনঃনির্ধারণ করতে গিয়ে ঢাকা জেলার আসন সংখ্যা বেড়েছে। অন্যদিকে, বরগুনার মতো জেলা শহর থেকে একটি করে আসন কমে গেছে। যা গ্রামীণ উন্নয়নের পরিপপন্থি।" আসন বণ্টন নীতি খসড়ায় আসন বণ্টন নীতিতে বলা হয়েছে, একাধিক জেলায় অবস্থিত ভূখণ্ড সমন্বয়ে কোনো আসন করা যাবে না। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলাগুলোর প্রতিটিতে একটি করে এবং অন্য জেলাগুলোর ক্ষেত্রে দুটির কম আসন বরাদ্দ করা যাবে না। বিদ্যমান সীমানা অটুট থাকা পর্যন্ত ডিসিসি এলাকাকে জেলা সমতুল্য একটি আলাদা ইউনিট গণ্য করা হবে এবং এর আসন সংখ্যা ১০টিতে নির্দিষ্ট থাকবে। ৩০০ আসন থেকে ডিসিসি ও তিন পার্বত্যজেলার ১৩টি আসন বাদ দিয়ে বাকি ২৮৭ আসন ৬১ জেলার মধ্যে বণ্টন করতে হবে। এছাড়া সর্বশেষ আদম শুমারি প্রতিবেদনের দেশের মোট জনসংখ্যা থেকে ডিসিসি ও পার্বত্য তিন জেলার জনসংখ্যা বাদ দিয়ে প্রাপ্ত জনসংখ্যাকে ২৮৭ আসন দিয়ে ভাগ করে জনসংখ্যা কোটা নির্ধারণ করার কথাও বলা হয়েছে খসড়ায়। সীমানা পুনর্র্নিধারণ নীতি জেলাভিত্তিক আসন বণ্টনের পর জেলার গড় জনসংখ্যার ভিত্তিতে জেলার অন্তর্ভুক্ত আসনগুলোর সীমানা পুননির্ধারণ করার প্রস্তাব এসেছে। খসড়ায় বলা হয়েছে, আদম শুমারি প্রতিবেদন অনুযায়ী জেলার মোট জনসংখ্যাকে জেলার জন্য বণ্টনকৃত আসন দিয়ে ভাগ করলে ওই জেলার নির্বাচনী এলাকার গড় জনসংখ্যা পাওয়া যাবে। ইসি কর্মকর্তারা জানান, ১৯৮৪ সালের পর সারাদেশে একযোগে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের কাজে হাত দেওয়া হয় ২০০৭ সালে। নবম সংসদ নির্বাচনের আগে তিনশ' আসনের জেলাওয়ারি আসন পুনর্বণ্টন করা হয়। পুনর্বিন্যাসের পর ঢাকা বিভাগের ১৭ জেলার আসন সংখ্যা ৯৪, রাজশাহীর ১৬টি জেলায় ৭২, চট্টগ্রামের ১১টি জেলায় ৫৮, খুলনার ১০টি জেলায় ৩৬, বরিশালের ছয়টি জেলায় ২১ এবং সিলেটের চারটি জেলার আসন সংখ্যা ১৯টিতে দাঁড়ায়। এ বছর মার্চে পঞ্চম আদম শুমারি শুরু হয়। দেড় বছর পরে এ আদমশুমারি প্রতিবেদন প্রকাশ হবে। আইন অনুযায়ী, সর্বশেষ আদমশুমারি অনুসরণ করে নির্বাচনের আগে সীমানা পুনর্বিন্যাস করতে হবে। ফলে পঞ্চম আদমশুমারি অনুযায়ী আসন পুনর্বিন্যাস করতে হবে ২০১৪ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/কেএমএস/১২১৭ ঘ.

এ সম্পর্কিত আরো খবর