২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গণতান্ত্রিক মানসিকতার অভাবের ফলে তত্ত্বাবধায়ক সরকার'

যথার্থ 'গণতান্ত্রিক মানসিকতার' অভাবই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন সৃষ্টি করেছে বলে দাবি করেছেন সুশীল সমাজের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথার্থ 'গণতান্ত্রিক মানসিকতার' অভাবই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন সৃষ্টি করেছে বলে দাবি করেছেন সুশীল সমাজের নেতারা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে অসাংবিধানিক ঘোষণা করার প্রেক্ষিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত 'তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক ও প্রাসঙ্গিক ভাবনা' শিরোনামের গোলটেবিলে বক্তারা এ কথা বলেন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ বৈঠক হয়। সুজন-এর সভাপতি মোজাফফর আহমেদ বলেন, "আমাদের গণতান্ত্রিক মানসিকতার অভাবই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন সৃষ্টি করেছে। যারা সরকারে থাকেন তাদের দায়িত্ব এই সংস্কৃতি পরিবর্তন করা। "বিরোধী দলের সংসদে না যাওয়াটাও এই অগণতান্ত্রিক মানসিকতার কারণ।" রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার অভাব আছে বলে মন্তব্য করেন ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক হাফিজউদ্দিন। আপিল বিভাগের রায়ে রাষ্ট্রের স্বার্থ এবং ও জনকল্যাণের বিবেচনায় আরো দুই মেয়াদের জন্য এ পদ্ধতি রাখার সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, "আগামী ২ মেয়াদে তাদের সব মানসিকতা চেঞ্জ হয়ে যাবে এটা নিশ্চিত হই কেমনে?" বৈঠকে সুজন-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ সম্পর্কে বলেন, "আগামী দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রাখা একটি রাজনৈতিক বিষয়, যে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার রাজনীতিবিদদের, আদালতের নয়।" ড. ইমাজউদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। ব্যরিস্টার রফিকুল হক এ পদ্ধতিকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে বলেন, "নন-পার্টি কেয়ারটেকার সরকার পদ্ধতিকে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যায় কি না সেটা দেখতে হবে।" এছাড়া বক্তারা প্রধান উপদেষ্টা নিয়োগের প্রশ্নে দুই প্রধান রাজনৈতিক দল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিচারপতি, সম্পাদক এরকম ৫ জন করে নির্দলীয় ব্যক্তির নাম প্রস্তাবের সুপারিশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/১৮৩৬ ঘ.