ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার ষড়যন্ত্র করা হচ্ছে।
সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, "সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক সৃষ্টি করে তারা দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আগামী নির্বাচনে নিজেদের ভরাডুবি হবে জেনেই এখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।"
জাতীয়তাবাদী সংস্কৃতিক একাডেমির উদ্যোগে জাতীয় কবি নজরুল ইসলামের একশ ১২তম জন্মজয়ন্তী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ অভিযোগ করেন, সরকার উচ্চ আদালতের কাঁধে বন্দুক রেখে সংবিধান সংশোধন করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করছে।
"এসব ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ দেশকে অকার্যকর করতে চায়। তাদের উদ্দেশ্য একদলীয় শাসন কায়েমের মাধ্যমে নিজেরা চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকা।"
জাতীয় কবি নজরুল ইসলামকে বর্তমান সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অবেহেলা করছে বলে অভিযোগ করেন তিনি।
সংগঠনের নির্বাহী পরিচালক এম এম মেহবুব রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা রেজাবুদ্দৌলা চৌধুরী, মুক্তিযোদ্ধা ইসমালাইল হোসেন বেঙ্গল, সাংবাদিক আবদুল হাই শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৭৫৩ ঘ.
bdnews24