ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের আগেই সংসদ ভেঙে নির্বাচন দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
নবম সংসদের নবম অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা আগে রোববার সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
এ অধিবেশনে বাজেট পাস ছাড়াও সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে। তবে অধিবেশনের শুরুতে যোগ দিচ্ছে না বিরোধী দল।
ফারুক বলেছেন, তারা সংসদে যাবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার পর।
তিনি বলেন, "বর্তমান সংসদ একটি অকার্যকর সংসদ। তাই রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি, সংবিধান সংশোধনের আগেই সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দিন।"
সংসদে বিএনপিকে কথা বলতে দেওয়া হয় না বলে অভিযোগ করেন বিরোধীদলীয় প্রধান হুইপ। তিনি জানান, গত আড়াই বছরে বিরোধী সদস্যদের সহস্রাধিক মুলতবি প্রস্তাব নাকচ করে দেওয়া হয়।
"আমাদের একটি দাবিও পূরণ হয়নি। এ অবস্থায় আজ শুরু হওয়া সংসদ অধিবেশনে যোগ দিচ্ছি না", বলেন ফারুক।
এ অধিবেশন বাজেট অধিবেশন, না সংবিধান সংশোধনে বিশেষ অধিবেশন- তা স্পষ্ট করতে সরকারি দলের প্রতি আহ্বান জানান তিনি।
ফারুক বলেন, "গত বছর ২ জুনের অধিবেশনও রাষ্ট্রপতি বাজেট অধিবেশন উল্লেখ করে আহ্বান করেছেন। অতীতে বাজেট অধিবেশন আহ্বান করার এরকম দৃষ্টান্ত রয়েছে। এবার তা করা হয়নি।
সংবিধান সংশোধনে বিশেষ কমিটিকে একদলীয় বাকশালী কমিটি অভিহিত করে তিনি বলেন, "ওই কমিটির প্রস্তাবে সংবিধান সংশোধন করা হলে তা গ্রহণযোগ্য হবে না।"
ফারুকের সঙ্গে সংবাদ সম্মেলনে ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জয়নুল আবেদিন (ভিপি জয়নাল), জাফরুল ইসলাম চৌধুরী, এবিএম আশরাফউদ্দিন নিজান, নীলুফার চৌধুরী মনি, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২১৪ ঘ.
bdnews24