ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পুলিশের জিডির প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার মহানগর বিএনপির উদ্যোগে এই মিছিলের আগে একটি সংক্ষিপ্ত সমাবেশও হয়। সমাবেশের পর মিছিলটি তোপখানা সড়ক মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, মামলা দিয়ে বিএনপি নেতা-কর্মীদের দমানো যাবে না।
"সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই মামলা-হামলা করে ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। কিন্তু আমরা বলে দিতে চাই, মামলা-হামলা করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।"
২১ অগাস্ট গ্রেনেড মামলার তদন্ত কমকর্তাকে (আইও) হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় বৃহস্পতিবার সাধারণ ডায়েরি (জিডি) করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য শেখ রইসুল আলম ময়না।
জিডির সমালোচনা করে আবদুল্লাহ আল নোমান বলেন, "ভারপ্রাপ্ত মহাসচিব বলেছিলেন, যারা সরকারি কর্মকর্তা তারা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। তারা যেন সরকারের দলীয় কর্মীর মতো আচরণ না করেন। এরপর ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে জিডি করা হলো।"
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম। এতে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮২২ ঘ.
bdnews24