ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংগঠনকে শক্তিশালী করে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার 'পতনের' আন্দোলনে শরিক হওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে ঢাকা মহানগর বিএনপি।
বৃহস্পতিবার বিকালে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ অর্পণের পর এই অঙ্গীকারের কথা জানান মহানগর বিএনপির আহবায়ক ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।
তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের অঙ্গীকার হবে, মহানগর কমিটির সব নেতা-কর্মীদের সমন্বয় করে শক্তিশালী সংগঠন গড়ে তোলা। এরপর দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পতনের আন্দোলনের সঙ্গে আমরা এগিয়ে যাব।''
দীর্ঘ তিন বছর পর মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠনের জন্য খালেদা জিয়াকে অভিনন্দন জানান খোকা।
গত ১৫ মে সাদেক হোসেন খোকাকে আহবায়ক করে ২১ সদস্যের মহানগর কমিটি গঠন করা হয়। ২০০৮ সালের ৪ জুন দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মহানগর কমিটি বিলুপ্ত করেন।
এর আগে নতুন আহবায়ক সাদেক হোসেন খোকা বিকাল সাড়ে ৪টায় দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে প্র্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ অর্পণ করে। এরপর দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন নেতা-কর্মীদের শপথ বাক্য পাঠ করান।
পরে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, নজরুল ইসলাম, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও নবগঠিত মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য এস এ খালেক, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সাদেক হোসেন খোকা দেশের বর্তমান পরিস্থিতিকে 'সংকটজনক' আখ্যায়িত করেন।
তিনি দাবি করেন যে, দেশের মানুষের দুভোর্গের সীমা নেই। দ্রব্যমূল্য বেড়েছে। জ্বালানি তেলে দাম বাড়ানোয় যানবাহনের ভাড়া বেড়েছে। মানুষ অশান্তির মধ্যে দিন কাটাছে। এ থেকে মুক্তি পেতে হলে 'সরকারকে হটাতে' হবে।
নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি সরকারের কথিত প্রতিহিংসার সমালোচনা করেন তিনি।
লণ্ডনে চিকিৎসাধীন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার ছোট ভাই ব্যাংককে চিকিৎসাধীন আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে সরকারের 'মিথ্যা মামলা' দায়েরের নিন্দা জানান খোকা।
সেইসঙ্গে নাসির উদ্দিন আহমেদ পিন্টুসহ কারাবন্দি নেতাদের মুক্তি দাবি করেন তিনি।
সদস্য সচিব আবদুস সালাম বলেন, "প্রয়াত নেতার (জিয়া) কবরে লক্ষাধিক নেতা-কর্মীর উপস্থিতি আজ প্রমাণ করেছে মহানগর বিএনপিতে কোনো বিভক্তি নেই, আমরা ঐক্যবদ্ধ।"
'১/১১' এর সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি হওয়ার পর দলের ওই সময়কার মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ২০০৮ সালের ৪ জুন ঢাকা মহানগর কমিটি বিলুপ্ত করে দেন।
১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর কমিটি থেকে মীর শওকত আলীকে বাদ দিয়ে সাদেক হোসেন খোকার নেতৃত্বে মহানগরের আহবায়ক কমিটি গঠন করে দেন খালেদা জিয়া। মীর শওকত আলীকে করা হয় দলের সহসভাপতি।
পরে খোকার নেতৃত্বে ২০০২ সালের ২ মার্চ মহানগরের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। ওই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আবদুস সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯১৬ ঘ.
bdnews24