২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খায়রুলবিহীন তত্ত্বাবধায়ক সরকার দাবি বিএনপির

বিএনপি বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে এবং এবিএম খায়রুল হককে ওই সরকারের নেতৃত্ব দেওয়া যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে এবং এবিএম খায়রুল হককে ওই সরকারের নেতৃত্ব দেওয়া যাবে না। দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন করার নতুন 'ষড়যন্ত্র' হচ্ছে বলেও অভিযোগ করেছে বিএনপি। বুধবার বিকালে বিক্ষোভ সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। তিনি বলেন, "নিরপেক্ষ নির্বাচন হলে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করতে পারবে না জেনেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তারা চায় ওই পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন। আমরা স্পষ্ট বলে দিতে চাই- আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই, অন্য কারো অধীনে নয়।" বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "কোনো জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি নন, জনগণ ও বিরোধী দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।" দুজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে গতবছর এবিএম খায়রুল হককে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর মঞ্চ নির্মাণ করে বিএনপি এই সমাবেশ করে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীতে এই সমাবেশ হয়। গত ৫ মে সরকার জ্বালানি তেলের দাম প্রতি লিটারে দু টাকা করে বাড়ায়। এরপর ৯ মে বিএনপির এই কর্মসূচি ঘোষণার পর গত ১২ মে সিএনজির দাম ৪৯ শতাংশ বাড়ানো হয়। 'দাম কমান, নইলে ক্ষমতা ছাডুন' নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির বর্তমান চিত্র তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, "সাধারণ আয়ের মানুষজনের পক্ষে স্বাভাবিক জীবন ধারণ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। আয় অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে না পারায় অনেকের পুষ্টি কমে গেছে। এর ওপর জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।" এ অবস্থা থেকে উত্তরণে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, "চাল, ডাল, জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমান। অন্যথায় ক্ষমতা ছেড়ে দিয়ে মধ্যবর্তী নির্বাচন দিন।" আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের দাবির কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "সরকার যত ষড়যন্ত্রই করুক না কেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। অতীতে চতুর্থ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগের একদলীয় বাকশাল প্রতিষ্ঠার কথা মানুষ ভুলে যায়নি। এবারও তারা ওই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ষড়যন্ত্র করছে।" 'ভোটে ক্ষমতায় আসেনি, তাই তত্ত্বাবধায়ক বাতিল চায়' বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, "গত নির্বাচনে আওয়ামী জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। তাই তারা চায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করতে যাতে তাদের অধীনে নির্বাচন হয়। এই কথাটা তারা বলতে লজ্জা পায় বলেই আদালতের রায়ের মাধ্যমে তা করেছে। "বিএনপির নেতা-কর্মীদের হত্যা-খুন-গুম হয়, তাদের বিচার হয় না। অথচ ক্ষমতাসীনরা নিজেদের সাত হাজার মামলা প্রত্যাহার করে ফেলেছে।" মির্জা ফখরুলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, সাবেক বিদ্যুৎ সচিব প্রকৌশলী আনহ আখতার হোসেন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পাদক আবদুস সালাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪৩ ঘ.