ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন হলে সাংবিধানিক সংকটে বর্তমান সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ।
মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় মওদুদ বলেন, "জনগণের মতামত ছাড়া একতরফাভাবে সংবিধানে হাত দেওয়া হলে সরকারই বিপদে পড়বে। তাই তাদের বলব, সংবিধানের হাত দেবেন না। যেভাবে আছে- সেভাবে রাখুন। নইলে আপনারাই বিপদে পড়বেন।''
রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে লেবার পার্টির উদ্যোগে পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতিনের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
মওদুদ অভিযোগ করেন, সরকার সংবিধান সংশোধন নিয়ে 'ছেলেখেলা' শুরু করেছে। মৌলিক পরিবর্তন আনতে চাইছে জনগণের মতামতা ছাড়াই। এটা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।
সাবেক এই আইনমন্ত্রী বলেন, "রাষ্ট্রপতির শাসন থেকে সংসদীয় শাসনব্যবস্থার দ্বাদশ সংশোধনীতে ১৪২-১ (এ) অনুচ্ছেদে বলা আছে- সংবিধানের প্রস্তাবনা ও মৌলিক স্তম্ভ অনুচ্ছেদ-৮ এর কোনো কিছু পরিবর্তন করতে হলে অবশ্যই গণভোটে যেতে হবে। সংসদে পাস হলেও তা করতে হবে।
"গণভোটের বিধান পঞ্চম সংশোধনীর মাধ্যমে তুলে নেওয়া হয়েছে বলে [সংবিধান সংশোধনে গঠিত সংসদীয়] বিশেষ কমিটির সদস্যদের ভাষ্য ঠিক নয়।"
বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সমালোচনা করে মওদুদ বলেন, "তিনি রাজনৈতিক মতামতের ভিত্তিতে বেশ কয়েকটি মামলার রায় দিয়েছেন।"
আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাকে জনগণ গ্রহণ করবে না- এ মন্তব্য করে মওদুদ বলেন, "সেজন্য বির্তকের কারণে তার নিজের থেকে ওই পদ গ্রহণ করবেন না বলে জানিয়ে দেওয়া উচিৎ।''
পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ বক্তব্য দেন।
এর আগে বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফারাক্কা দিবস উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় মওদুদ আহমদ বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা ও পরিবেশ বিপর্যয়ের জন্য সরকারের 'নতজানু' পররাষ্ট্র নীতিকে দায়ী করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯১৯ ঘ.
bdnews24