ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিরুদ্ধে বিচার বিভাগে দলীয়করণের অভিযোগ এনে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ কারণেই বিচারাঙ্গনে অস্থিরতা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলার পাশাপাশি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে জনগণের প্রতি আহ্বান জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, "সরকার তার সব রাজনৈতিক অপকর্মগুলো আদালতের মাধ্যমে করার জন্য দলীয়করণ করেছে। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিচারকদের নিয়োগ দেওয়া হচ্ছে। গোটা বিচার বিভাগ দাফন করার মতো অবস্থার সৃষ্টি হয়েছে।"
প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ইতোমধ্যে কর্মসূচি পালন করছে। জ্যেষ্ঠ অনেককে বাদ দিয়ে আপিল বিভাগে নতুন দুই বিচারক নিয়োগ নিয়েও আপত্তি তাদের। অন্যদিকে সরকার সমর্থক আইনজীবীরা বিএনপি নিয়ন্ত্রিত সমিতির কর্মসূচির সমালোচনা করে আসছে।
ফখরুল বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিচার বিভাগ দলীয়করণ শুরু করে। ৫৩ জনকে ডিঙিয়ে ২ জন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে আজ নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে।''
"বর্তমান অবস্থা থেকে উত্তরণে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণে দেশকে রক্ষা করতে এর বিকল্প নেই", বলেন তিনি।
কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) আয়োজনে মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ফখরুল।
ফারাক্কার প্রভাবে বাংলাদেশে উত্তর-পশ্চিমাঞ্চলে মরুকরণ, টিপাইমুখে বাঁধ ও আন্তঃনদী সংযোগ প্রকল্প ইত্যাদি বিষয়ে তুলে ধরে বিএনপি নেতা বলেন, "বাংলাদেশকে একটি অকার্যকর ও পরনির্ভরশীল করার লক্ষ্যে ভারত এসব করছে। কিন্তু সরকার উল্টো ভারতের সঙ্গে ট্রানজিট ও বন্দর ব্যবহার করদে দিচ্ছে।"
ভারতের সঙ্গে ভারতের সম্পাদিত ঋণচুক্তির সমালোচনা করে ফখরুল বলেন, "এ ঋণের শর্তগুলো ভয়াবহ। চড়া সুদে বাংলাদেশ এ ঋণ নিয়েছে।"
এনডিপি সভাপতি খন্দকার গোলাম মূর্তজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম, এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জাগপা মহাসচিব লুৎফর রহমান খান, সাংবাদিক সাদেক খান, নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৫০ ঘ.
bdnews24