ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু রাজনীতি নয়, ছাত্রলীগ নেতা-কর্মীদের এর পাশাপাশি 'ভালো' লেখাপড়া করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
সোমবার শেখ হাসিনার ৩০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত আলোচনা তিনি বলেন, "ভালো রেজাল্ট করে আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে। আর ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় ভালো পড়াশোনা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।"
ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এ সদস্য বলেন, "ছাত্রী বোনদের ভালো নজরে দেখবে তোমরা। সেই সঙ্গে নেতৃত্বে, কর্মে, রাজনীতিতে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।"
ধর্মের লেবাসধারীরা হরতালের সময় কোরান শরীফ ব্যবহার করে এর অবমাননা করেছে মন্তব্য করে তিনি বলেন, "দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে ঘরে বসিয়ে রাখলে দেশকে উন্নত করা যাবে না। যত বাধাবিপত্তি থাকুক নারীনীতি বাস্তবায়ন করা হবে।"
দেশের প্রতিটি প্রান্তের ছাত্র-ছাত্রীদের কাছে নারীনীতি পৌঁছে দিতে ছাত্রলীগ কর্মীদের অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৫১ ঘ.
bdnews24