নোয়াখালী, মে ১৫ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- হাতিয়া উপজেলায় আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে পৌর মেয়রসহ অন্তত ১২ জন আহত হয়েছে।
রোববার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত দু'দফায় এ সংঘর্ষ চলে। এ সময় তারা দেশি অস্ত্রশস্ত্র ব্যবহার করে।
হাতিয়া পৌর এলাকায় রাত ৯টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আহতদের মধ্যে রয়েছেন- হাতিয়া পৌরসভা মেয়র ইউসুফ আলী, কাউন্সিলর নেহেল খান ও মো. শাহিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল হাসান, মাসুদ রানা, রফিক, মনির উদ্দিন, মামুনুর রশিদ, শওকত ওসমান রাসেল, ছিদ্দিক হোসেন ও দুই পৌর কর্মচারী।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মেয়র ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, হাতিয়ায় জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী এবং উপজেলা চেয়ারম্যান ওয়ালি উল্লাহর দু'টি গ্র"প সক্রিয় আছে।
দুপুর ১টার দিকে মোহাম্মদ আলীর সমর্থক আওয়ামী লীগকর্মী আবদুল হালিম উপজেলা চেয়ারম্যান ওয়ালি উল্লাহর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন।
ওই সময় ওয়ালি উল্লাহ'র সমর্থক রাজু ও হাসানসহ একদল যুবলীগকর্মী আবদুল হালিমকে মারধর করে।
রাত ৮টার দিকে আবদুল হালিমের সমর্থকরা স্থানীয় ওছখালী বাজারে গেলে রাজু ও হাসানসহ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে ওয়ালি উল্লাহ'র লোকজন তার (মেয়র) অফিসে ভাংচুর এবং জরুরি কাগজপত্র তছনছ করেছে বলেও তিনি অভিযোগ করেন।
উপজেলা চেয়ারম্যান ওয়ালি উল্লাহ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল বলে যে তার সমর্থকরা হামলা করেছে তা ঠিক নয়। অন্য কেউ এ হামলা করতে পারে।
হাতিয়া থানার ওসি সুভাষ চন্দ্র পাল বলেন, "আমরা তড়িৎ ব্যবস্থা নিয়েছি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর এলাকায় রাত ৯টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৯ ঘ.
bdnews24