২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ইসলামী আন্দোলনের ১৭ জন গ্রেপ্তার

ভোলায় ইসলামী আন্দোলনের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ভোলা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় ইসলামী আন্দোলনের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সংঘর্ষের ঘটনায় ভোলা থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান মাহমুদ বুধবার রাতে একটি মামলা দায়ের করেন। মামলায় ইসলামী আন্দোলনের নেতা মাহফুজুর রহমান ও ফারুকসহ ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২'শ জনকে আসামি করা হয়েছে। বুধবার বিকালে এই সংঘর্ষে ১৫ জন পুলিশ সদস্যসহ দেড়শতাধিক আহত হয়। ঢাকার মুক্তাঙ্গনে দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা, নারীনীতি বাতিল ও সংবিধান থেকে বিসমিল্লাহ বাতিলের প্রতিবাদে ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখা বুধবার বিকালে শহরের কালিনাথ বাজার হাটখোলা মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশের চেষ্টা চালায়। এসময় পুলিশ বাঁধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। ভোলা থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন সাংবাদিকদের জানান, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শহরের বিভিন্ন স্থান থেকে বুধবার রাতে ৮ জন ও বৃহস্পতিবার ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তারা ইসলামী আন্দোলনের নেতাকর্মী। ভোলা সদর থানার ওসি মোবাশ্বের আলী জানান, ইসলামী আন্দোলন কর্মীদের হাতে তিনিসহ ১৫ জন পুলিশ আহত হন। তাদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে পুলিশের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। ইসলামী আন্দোলনের ভোলা জেলা শাখার সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম বলেন, পুলিশ ইসলামী আন্দোলনের মিছিলে বিনা কারণে হামলা চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৮৪১ ঘ.