২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের ব্যর্থতায় বাংলাদেশ বন্ধুহীন: মওদুদ

মওদুদ আহমদ অভিযোগ করেছেন, বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতায় বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওদুদ আহমদ অভিযোগ করেছেন, বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতায় বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকালে এক সেমিনারে তিনি বলেন, "কূটনৈতিক ব্যর্থতার কারণে সরকার আজ বন্ধুহীন হয়ে পড়েছে। এখন ভারত ছাড়া এই সরকারের কোনো বন্ধু রাষ্ট্র নেই। মধ্যপ্রাচ্যের সঙ্গে সর্ম্পক বিচ্ছিন্ন হয়ে গেছে। "নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রতিহিংসামূলক অন্যায় আচরণের জন্য পশ্চিমা দেশগুলো বাংলাদেশকে আজ বন্ধু বলে পরিচয় দিতে চায় না।'' এ অবস্থা থেকে উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে দেশপ্রেমিক যুব শক্তি নামে এক সংগঠনের উদ্যোগে 'যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এ্যাক্ট -১৯৭৩ এবং যুদ্ধাপরাধ বিচার' শিরোনামের এ সেমিনার হয়। সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "এভাবে একটি মাত্র রাষ্ট্রের [ভারত] ওপর নির্ভর করে বাংলাদেশ চলতে পারে না। অবশ্যই এর অবসান হতে হবে। সরকার আড়াই বছরের ব্যর্থতা আজ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। "যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন-২০১০-এ পরিষ্কারভাবে প্রকাশ পেয়েছে যে, দেশে মানবাধিকার পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। আদালতে ন্যায়বিচার পাওয়া যায় না। স্বাধীনভাবে তারা কাজ করতে পারছে না।" 'যুদ্ধাপরাধ বিচার রাজনৈতিক উদ্দেশ্যে' যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে মওদুদ বলেন, "বিরোধী দলকে দুর্বল করে দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য সরকার এই যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়া শুরু করেছে। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার।" "৭৩ সালে পাকিস্তানের চিহ্নিত ১৯৫ জন আটক সৈন্যের বিচারের জন্য আন্তর্জাতিক যুদ্ধাপরাপরাধ ট্রাব্যুনাল আইন প্রণয়ন করা হয়েছিলো। সরকার সে আইনের সংশোধনী এনে অন্যদের বিচার করছে- এটা উদ্দেশ্যমূলক।" এই বিচারের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য আটক রাখাও সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থি বলেও মন্তব্য করেন সাবেক এই আইনমন্ত্রী। তিনি সরকারের প্রতি অবিলম্বে সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীসহ এ সংক্রান্ত অভিযোগে আটকদের জামিনে দেওয়ার দাবি জানান। সংগঠনের সভাপতি অধ্যাপক রফিক চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, লেবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতে ইসলামীর মহানগর আমীর রফিকুল ইসলাম খান, ওয়ার্ড কমিশনার সামসুল হুদা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফখরুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যুদ্ধাপরাধে আটক সালাউদ্দিন উদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী ও মেয়ে ফারজিন কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৩৯ ঘ.