চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান নিয়ে চলমান 'সঙ্কট' নিরসনে নতুন করে সংবিধান প্রণয়ণের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।
বুধবার বিকেলে নগরীর লালদীঘি ময়দানে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'জোড়াতালি দেওয়া' বর্তমান সংবিধানের ওপর 'রিপু' চালাচ্ছে সরকার। কিন্তু বর্তমান অবস্থায় নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই।
চট্টগ্রামকে প্রদেশ ঘোষণা, নতুন সংবিধান প্রণয়নসহ নয় দফা দাবিতে জেএসডি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটি এ জনসভার আয়োজন করে।
সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ায় আগামী সংসদ নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে মন্তব্য করে রব বলেন, "এটি নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে, তার একমাত্র সমাধান সংসদে উচ্চকক্ষ গঠন করে সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান করা।"
গ্রামীণ ব্যাংকের টাকার প্রতি সরকারের 'লোভ' জন্মেছে মন্তব্য করে জেএসডি সভাপতি বলেন বলেন, "ড. মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ ব্যবস্থা বিশ্বের অনেকেই গ্রহণ করেছে। ইউনূস দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব নাগরিক হয়ে উঠেছেন। তার প্রতি সরকারের এতো হিংসা কেন?"
চট্টগ্রামকে প্রদেশ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার ৪০ বছর পরও চট্টগ্রামের কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। এ শহর শুধু নামেই বাণিজ্যিক রাজধানী।
জেএসডি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আল্লামা ইকবালের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে জেএসডির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, এম এ গোফরান ও অ্যাডভোকেট বেলায়েত হোসেন বক্তব্য দেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেকে/২০৫৭ ঘ.
bdnews24