ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রয়োদশ সংশোধনী তথা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে বুধবার বিকালে নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানাবে বিএনপি।
বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরবেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
মঙ্গলবার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্ট রায় দেয়। তবে এর আওতায় আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দেওয়া হয়। সর্বোচ্চ আদালত আরো বলেছে, বিদায়ী প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে সংসদ এ সরকার পদ্ধতি সংস্কার করতে পারে।
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানে যুক্ত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওই সময় ক্ষমতাসীন বিএনপি অনীহা সত্ত্বেও আওয়ামী লীগসহ বিরোধী দলগুলোর চাপে এ সংশোধনী আনে। তবে এখন বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলে আন্দোলনে নামবে তারা।
রায়ের পর মঙ্গলবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন।
রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা মওদুদ মঙ্গলবারই বলেন, এটি রাজনৈতিক সঙ্কট তৈরি করতে পারে। একই মত প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেনও।
সংশোধনী বাতিল করে আবার তার আওতায় গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুটি নির্বাচনের মতকে পরস্পরবিরোধী বলে অভিহিত করেছেন তারা।
তবে রায়ের প্রশংসা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পূর্ণাঙ্গ রায় বিবেচনায় নেবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৩৫ ঘ.
bdnews24