২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র সঙ্কটাপন্ন হবে না: হানিফ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারণা পৃথিবীর কোনো দেশেই নেই, তাই তা বাতিল করলে গণতন্ত্র সঙ্কটাপন্ন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারণা পৃথিবীর কোনো দেশেই নেই, তাই তা বাতিল করলে গণতন্ত্র সঙ্কটাপন্ন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া সর্বোচ্চ আদালতের রায় দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সঙ্কট তৈরি করবে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের আশঙ্কার জবাবে হানিফ এই মন্তব্য করেছেন। সর্বোচ্চ আদালতের রায়ের কোনো প্রতিক্রিয়া না দিলেও মওদুদের কথার জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হানিফ বলেন, "এই রায় আমি পড়িওনি, হাতেও পাইনি। তবে, এই কনসেপ্ট পৃথিবীর কোথাও নেই। এটা বাতিল করলে গণতন্ত্র কোনো সঙ্কটে পড়বে না।" ঢাকা মহানগর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গুলশান-১ নম্বরে ঢাকা সিটি কর্পোরেশন মার্কেট চত্বরে বিকালে ঢাকা-১৭ আসনের জনসভায় তিনি এ কথা বলেন। বিএনপি'র মধ্যবর্তী নির্বাচনের দাবির জবাবে হানিফ প্রধান বিরোধীদলকে সংসদে গিয়ে তাদের এই দাবি উত্থাপনের আহবান জানিয়ে বলেন, "এটা ছেলের হাতের মোয়া নয়, যে চাইলেই পাওয়া যাবে। সরকার সহনশীল। এই সহনশীলতার মাত্রা ছাড়িয়ে যাবেন না। সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাবলে ভূল করবেন।" আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সর্বোচ্চ আদালতের রায়ের জন্য আপিল বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আপিল বিভাগ প্রমাণ করেছে- বিচারকদের ক্ষমতার মোহ নেই।" তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যত সংসদেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেন নাসিম। গুলশান থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম জসিমউদ্দিন খানের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৫০ ঘ.