ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম সংশোধনী বিষয়ে রায় পুনর্বিবেচনায় সরকারের আবেদনের শুনানি শেষে বুধবার আদেশ দেবে আপিল বিভাগ।
শুনানি শেষে গত ৭ এপ্রিল আপিল বিভাগ রায় দেওয়ার এ দিন ধার্য করে। সুপ্রিম কোর্টের বুধবারের কার্যতালিকার শীর্ষেই রাখা হয়েছে এ মামলার রায়।
মঙ্গলবার ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আপিলের রায় দেওয়ার এক দিন পরই পঞ্চম সংশোধনীর বিষয়ে রায় দেওয়া হবে।
রাজধানীর মুন সিনেমা হলের মালিকানা দাবি করে বাংলাদেশ ইতালিয়ান মার্বেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলমের করা একটি রিট আবেদনের রায়ে হাইকোর্ট ২০০৫ সালের ২৯ আগস্ট সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণা করে।
এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করে আদালত।
তখনকার অ্যাটর্নি জেনারেল ওইদিনই এ রায়ের বিরুদ্ধে আপিল করেন।
ক্ষমতার পালাবদলে সরকারের এক আবেদনে গত ৩ জানুয়ারি আপিল বিভাগ ওই আবেদন প্রত্যাহার করার অনুমতি দেন। তবে তখনকার বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতপন্থী তিন আইনজীবী এই রিটে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন।
শুনানি শেষে সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ গত বছরের ২ ফেব্র"য়ারি আবেদনগুলো খারিজ করে দেন। তবে হাইকোর্টের রায়ের বিষয়ে আপিল বিভাগের কিছু পর্যবেক্ষণ যোগ করা হয় ওই আদেশে।
তখনকার প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ ওই আদেশের মাধ্যমে সামরিক শাসনকে বেআইনি ঘোষণা করলেও সেই আমলে করা কিছু ভালো কাজকে অবৈধ ঘোষণা না করে মার্জনা করার কথা বলে।
সরকার পক্ষ গত ১৪ মার্চ আপিল বিভাগের আদেশের ওই অংশটি প্রত্যাহারের আবেদন করে।
আবেদনের কারণ হিসেবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন, "মার্শাল ল' প্রোক্লেমেশনের মাধ্যমে সংবিধান সংশোধনকে হাইকোর্ট অবৈধ ও বাতিল ঘোষণা করেছে। এ ব্যাপারে আপিল বিভাগের (কিছু পরিবর্তনসহ) রায়ের মধ্যে সামরিক শাসনামলের কিছু কাজকে মার্জনা করা হয়েছে। আমরা এর বিরোধিতা করে হাইকোর্টের রায়কে পুনর্বহালের দাবি জানিয়েছি।"
সামরিক শাসনামলের বিষয়ে হাইকোর্টের রায়কেই যথার্থ ও সঠিক বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮০০ ঘ.
bdnews24