ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে।
সোমবার কোকোর আইনজীবী শুনানির জন্য আরো সময় চাইলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক আগামী ২৬ মে এ শুনানির জন্য দিন রাখেন।
কোকোর আইনজীবীরা বলেন, এ মামলার বিষয়ে হাইকোর্টে করা রিট আবেদনের ওপর দেয়া রুলের আংশিক শুনানি হয়েছে। ওই শুনানি শেষ না হওয়া পর্যন্ত সময় দেওয়া হোক।
আদালতের পেশকার ইফতেখার হোসেন জানান, এ মামলায় অভিযোগ গঠনের শুনানি এ নিয়ে পঞ্চমবারের মতো পেছানো হলো।
জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার শাহীন আক্তার হোসেন গত বছরের ১ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, কোকো তার আয়কর বিবরণীতে ২০০২ থেকে ২০০৭ করবর্ষ পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন।
কোকোর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ আদালতে বলেন, এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করলে গত ৮ জুলাই আদালত রুল জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৭০৬ ঘ.
bdnews24