ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ হরকাতুল জিহাদের (হুজি) বর্তমান নায়েবে আমির মো. আব্দুল হান্নান ওরফে সাব্বিরকে সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরো পাঁচ দিন নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডি।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।
সিআইডির তদন্ত বিভাগের পরিদর্শক ও এ মামলার তদন্ত কর্মকর্তা মৃনাল কান্তি সাহা সাব্বিরকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আরো ১০ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন জানান।
পাঁচদিন রিমান্ড শেষে এদিনই সাব্বিরকে আদালতে হাজির করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৩ মে পাঁচ দিন হেফাজতে নেয় সিআইডি।
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন সাব্বির। তিনি বিচারককে বলেন, হেফাজতে থাকা অবস্থায় তাকে স্বজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি) সমাবেশে বোমা হামলায় পাঁচ জন নিহত হয়, আহত হয় অনেকে।
এ মামলায় এর আগে হুজি নেতা মাওলানা আবু তাহের, শেখ আবদুস সালাম, আরিফ হাসান সুমন, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আবদুল লতিফকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ মামলা ছাড়াও সাব্বিরের বিরুদ্ধে কোটালীপাড়ায় শেখ হাসিনার জনসভাস্থলের কাছে বোমা পুঁতে রাখা, ২১ অগাস্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে বোমা হামলাসহ ছয়টি মামলা রয়েছে।
গত ২৬ এপ্রিল কেরানীগঞ্জ থেকে সাব্বির এবং হুজির আরেক সদস্য আইনুল হককে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৬১৭ ঘ.
bdnews24