পাবনা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়ায় নির্বাচনী কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার ঘণ্টাখানেক পর ঘটনাস্থল থেকে দুই মাইল দূরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাতিজাকে আটক করে ছেড়ে দিয়েছে পুলিশ।
রোববার এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করায় পাবনার বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে বিকাল সাড়ে ৪টার দিকে মারধর করে দুর্বৃত্তরা।
কার্যালয়ে হামলার পর বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাতিজা আমিনুল ইসলামকে আটক করে। রাত ১০ টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ বলছে, মোটর সাইকেলের কাগজপত্র না থাকায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাতিজা আমিনুল ইসলামকে আটক করা হয়।
বেড়া থানার ওসি শেখ জিল্লুর রহমান বলেন, "মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় বিকাল ৪টার দিকে বেড়া বাজার থেকে তাকে আটক করা হয়েছিল। কাগজপত্র পরে দেবে বলায় মোটরসাইকেলটি রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।"
বৃশালিখা গ্রামের আমিনুল ইসলামের বাবা বদিউল ইসলাম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর আপন বড় ভাই।
নির্বাচনী কর্মকর্তাকে মারধর প্রসঙ্গে ওসি জানান, রোববার ছিল বেড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের দিন।
"ফরমে প্রার্থীর আয়ের উৎসের ঘরে স্বাক্ষর না থাকায় উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জাতসাকীনী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা আইয়ুব আলীর মনোনয়নপত্র বাতিল করেন।
"এরপর কয়েকজন ব্যক্তি নির্বাচন কর্মকর্তার অফিসে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল দেয় এবং তাকে মারধর করে চলে যায়।"
এ ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন লাঞ্ছিত হওয়ার কথা স্বীকার করেছেন। তবে তিনি কারো নাম প্রকাশ করেননি।
জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তার লাঞ্ছিত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২৩৩১ ঘ.
bdnews24