২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম বৃদ্ধি দুর্ভোগ বাড়াবে: বিএনপি

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মানুষের দুর্ভোগ আরো বাড়বে বলে মনে করে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 07:45 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মানুষের দুর্ভোগ আরো বাড়বে বলে মনে করে বিএনপি। শুক্রবার সকালে ঢাকায় সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের কাছে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি তেলের মূল্য বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন। তিনি বলেন, "সরকার তেলের এই মূল্য বাড়ানোর মাধ্যমে মানুষের কষ্ট আরও বাড়িয়ে তুলবে। দ্রব্যমূল্য ও যানবাহনের খরচও বাড়বে। এর ফলে জনজীবনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।'' বৃহস্পতিবার রাতে ডিজেল, পেট্রল, কেরসিন, অকটেন ও ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ২ টাকা করে বৃদ্ধি করে সরকার। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বর্ধিত এ মূল্য কার্যকর হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, "আমরা বার বার বলে আসছি, দ্রব্যমূল্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এসব সমস্যার সমাধান তারা না দিয়ে উল্টো জনগণের কষ্ট বৃদ্ধি করার পদক্ষেপ নিচ্ছে।" সরকার বিভিন্ন খাতে ভর্তুকি দিচ্ছে। জ্বালানি খাতেও সরকারের ভর্তূকি দেয়া উচিৎ বলে মির্জা আলমগীর মনে করেন। এদিকে বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেল, কেরসিন, অকটেন ও ফার্নেস অয়েল বিক্রির ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) লিটার প্রতি যথাক্রমে ৩৩ টাকা ৪৪ পয়সা, ৩২ টাকা ৪৯ পয়সা, ৮ টাকা ২০ পয়সা এবং ১২ টাকা ৯৬ পয়সা ভর্তুকি দিচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বিগত তত্ত্বাবধায়ক সরকার জ্বালানি তেলের দাম দুই দফা বাড়িয়েছিলো। এরপর বহির্বিশ্বে দাম কমলে ওই সরকারই দুই দফা দাম কমায়। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএম/সিএস/কেএমএস/১৩৪৭ ঘ.