২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীনীতি'ষড়যন্ত্রকারীদের' প্রতিহত করার আহ্বান সাজেদার

প্রস্তাবিত নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে 'ষড়যন্ত্রকারীদের' প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে 'ষড়যন্ত্রকারীদের' প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি বলেন, "নারীনীতি নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে হবে। দেশ, জাতি ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করতে হবে।" ঢাকার ১৬টি সংসদীয় আসনে জনসভার পূর্বঘোষিত কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার বিকালে ঢাকা-১৪ আসনের সমাবেশে সাজেদা এসব কথা বলেন। গত ৭ মার্চ মন্ত্রিসভা নারী উন্নয়ন নীতির খসড়া অনুমোদন করেছে, যাতে নারী-পুরুষ সমঅধিকারের কথা বলা হয়েছে। বিএনপির মিত্র ইসলামী ঐক্যজোটের একাংশ নারী নীতির বিরোধিতা করে হরতাল কর্মসূচি পালন করেছে। তাদের দাবি, প্রস্তাবিত নারীনিতি ইসলামবিরোধী। নারীনীতি বিরোধী কথিত অপপ্রচার এবং যুদ্ধাপরাধীদের রক্ষার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে মিরপুর ১ নম্বর গোলচত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। জাতীয় সংসদের উপনেতা আরো বলেন, বিএনপি-জামায়াত জোট এবং 'রাজাকারদেও' সঙ্গে যারা আছে তাদের বুঝিয়ে দিতে হবে এই দেশে তাদের কোনো স্থান নেই। বাঙালি, বাংলা ভাষা ও জনগণের বিরুদ্ধে এখনো কিছু লোক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবিকে 'মামার বাড়ির আবদার' আখ্যায়িত করে বলেন, সরকারের পদত্যাগ কিংবা সংসদে অনাস্থা প্রস্তাব পাস হলেই কেবল মধ্যবর্তী নির্বাচন হতে পারে। যেহেতু এ দু'টির কোনোটিরই সম্ভাবনা নেই, তাই মধ্যবর্তী নির্বাচনেরও কোনো সম্ভাবনা নেই। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, "আমিনীরা যত ষড়যন্ত্রই করুন না কোনো, সফল হবেন না।" ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক আসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, আওলাদ হোসেন, আবদুল হক সবুজ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২০৪৩ ঘ.