ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে দুটি মামলার একটিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থাকায় বাদীকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নিতে বলেছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মো. হারুন অর রশিদ বুধবার এ নির্দেশ দেন। অপর মামলার বিষয়ে আদেশের জন্য ১৯ মে তারিখ ধার্য করেছেন তিনি। ওইদিন রাষ্ট্রদ্রোহ মামলার ওপরও শুনানি হবে।
এ দুটি মামলার বিষয়ে আদালতের আদেশ এ নিয়ে তৃতীয়বারের মতো পেছানো হলো।
বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে গত ৩১ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আমিনীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। একইদিনে সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ জিয়াউল হাসান হুমকি দেওয়ার অভিযোগে আমিনীর বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি দায়ের করেন।
মহানগর হাকিম হারুন অর রশিদ প্রথম মামলায় আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং দ্বিতীয় মামলায় সমন জারি করেন। কিন্তু এর দুই ঘণ্টার মাথায় দুই মামলারই আদেশ পরিবর্তন করে ২৫ এপ্রিল আদেশের তারিখ ধার্য করেন বিচারক। তবে ওই দিনও আদেশ না দিয়ে ২ মে তারিখ রাখেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/জেকে/১৭৩৮ ঘ.
bdnews24