ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পাঞ্চল পুলিশের কার্যালয় ও থাকার ব্যবস্থা করার দায়িত্ব শিল্প মালিকদের নেওয়া উচিত বলে মনে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
মঙ্গলবার মন্ত্রণালয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের এ কথা বলেন।
শিল্প পুলিশ গঠনের শুরু থেকেই শ্রমিকরা অভিযোগ করে আসছেন- এসব পুলিশ সদস্য মালিকপক্ষের স্বার্থ রক্ষাকেই বেশি প্রাধান্য দেবে, শ্রমিকদের নয়।
শামসুল হক বলেন, "যেহেতু শিল্পাঞ্চল পুলিশ শিল্প উদ্যোক্তাদের সুবিধার জন্য করা হয়েছে তাই তাদের অফিস ও থাকার ব্যবস্থাও তাদের করে দেওয়া উচিত।"
২০১০ সালের ১ নভেম্বর ১৪শ' ১০ জন সদস্য নিয়ে শিল্প পুলিশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে গঠন করা হয় ৪টি ইউনিট।
শিল্প পুলিশকে বিভিন্ন কারখানায় স্থান দিতে হচ্ছে জানিয়ে এর অসুবিধা তুলে ধরেন বিজিএমইএ'র একাধিক নেতা।
তারা বলেন, সরকারিভাবে জমি দিলে সেখানে অন্যান্য অবকাঠামো ও অন্যান্য সুবিধা তৈরি করে দিতে শিল্প উদ্যেক্তারা প্রস্তুত রয়েছেন।
জবাবে সরকারি জমি অধিগ্রহণে নানা আমলাতান্ত্রিক জটিলতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, "সরকারি জমি দিতে সময় ও অন্যান্য জটিলতা রয়েছে, তাই আপনাদেরই এ ব্যাপারে উদ্যেগ নেওয়া উচিত।"
বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেন, বিভিন্ন এলাকায় কাভার্ড ভ্যান থেকে চুরি, ফায়ার লাইসেন্স পেতে সমস্যা, নিরাপত্তাসহ নানা সমস্যা রয়েছে। এসব ব্যাপারে সরকারি উদ্যোগ প্রয়োজন।
আশুলিয়া, কোনাবাড়ি ও নারায়ণগঞ্জ এলাকায় দমকল বাহিনীর কার্যালয় স্থাপনের সুপারিশ করে বিজিএমইএ। এ বিষয়টি বিবেচনার আশ্বাস দেন টুকু।
তবে ফায়ার স্টেশন স্থাপনে বিজিএমইএকে এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ব্যবসায়ীরা ভালো থাকলে সরকার ভালো থাকে। ব্যবসায়ীরা যাতে স্বাচ্ছন্দে ব্যবসা করতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/এমআই/১৬৫০ ঘ.
bdnews24