২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমার মাঠে মসজিদ নির্মাণের আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশ্ব ইজতেমা মাঠে একটি মসজিদ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 05:07 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমা মাঠে একটি মসজিদ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাকরাইল মসজিদের চার সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের জানান, প্রতিনিধি দলকে মসজিদ নির্মাণসহ টঙ্গীর ইজতেমা মাঠ এবং কাকরাইল মসজিদের সার্বিক উন্নয়নের বিষয়ে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, টঙ্গীর তুরাগ নদীর পাড়ে মাঠটি বিশ্ব ইজতেমার জন্য বরাদ্দ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাকরাইল মসজিদের স্থানটিও তিনিই বরাদ্দ দেন। কাকরাইল মসজিদের প্রতিনিধি দলে ছিলেন সৈয়দ আহমেদ, ড. এম ডি রফিকুল ইসলাম, ডা. মহিউদ্দিন ও ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ। এর আগে, চাকমা রাজা দেবাশীষ রায় সন্ধ্যায় গণভবণে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়, দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি এবং ওই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো তাদের আলোচনায় স্থান পায় বলে বিজন লাল দেব জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২২৪৮ ঘ.