২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন: বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক মঙ্গলবার

সংবিধান সংশোধনের বিষয়ে মতামত নিতে মঙ্গলবার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবে সংসদীয় বিশেষ কমিটি। এরপর বুধবার বৈঠক হবে জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের বিষয়ে মতামত নিতে মঙ্গলবার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবে সংসদীয় বিশেষ কমিটি। এরপর বুধবার বৈঠক হবে জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী দুই দিনের বৈঠকের পর বিশেষ কমিটির পরবর্তী করণীয় সম্পর্কে সাংবাদিকদের জানানো হবে।" সুরঞ্জিত জানান, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ২০ জনেরও বেশি বিশিষ্ট নাগরিক ও ২০টিরও বেশি জাতীয় দৈনিকের সম্পাদককে মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে 'ইলেকট্রনিক মিডিয়ার' সম্পাদকদের মতামত নেওয়া হচ্ছে না। তিনি বলেন, "ইলেকট্রনিক মিডিয়ার কাকে কাকে আমন্ত্রণ জানাবো- সে বিষয়ে কোনো ধারণা পাইনি। তাই আপাতত তাদের ডাকার পরিকল্পনা নেই।" সংসদ ভবনের দ্বিতীয় তলার কেবিনেট কক্ষে মঙ্গলবার সকাল ১১টায় বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক শুরু হবে। এ বৈঠকে গিয়ে মতামত দেওয়ার জন্য বিশেষ কমিটির আমন্ত্রণপত্র সোমবার হাতে পেয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক সচিব আকবর আলী খান। সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সংবিধান সংশোধনের জন্য গত বছরের ২১ জুলাই এই বিশেষ কমিটি গঠন করে সরকার। নিজেরা পর্যালোচনা করা ছাড়াও এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সাবেক প্রধান বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের মতামত নিয়েছে ওই কমিটি। এর অংশ হিসেবে ২৪ এপ্রিল সাবেক প্রধান বিচারপতি ও আইনজ্ঞ; ২৫ এপ্রিল সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল এবং ২৭ এপ্রিল আওয়ামী লীগের মতামত নেওয়া হয়। বিশেষ কমিটির আমন্ত্রণ পেলেও তাতে সাড়া দেয়নি প্রধান বিরোধী দল বিএনপি ও চারদলীয় জোটের শরিক বিজেপি। জোটের অপর শরিক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকায় দলটিকে আমন্ত্রণ জানায়নি বিশেষ কমিটি। এদিকে দেশের অন্যতম প্রাচীন দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সংবিধান সংশোধনে মতামত দিতে চেয়েছে। কিন্তু সংসদে প্রতিনিধিত্ব না থাকায় বৈঠকে আমন্ত্রণ পায়নি তারা। সুরঞ্জিত জানিয়েছেন, সিপিবি লিখিত মতামত দিলে কমিটি তা গ্রহণ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২১৩২ ঘ.