২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমর উদ্দিনের কফিনে খালেদার পুষ্পস্তবক অর্পণ

দলের প্রয়াত নেতা কমর উদ্দিনের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাকে শ্রদ্ধা জানালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের প্রয়াত নেতা কমর উদ্দিনের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাকে শ্রদ্ধা জানালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি লণ্ডন শাখার সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমর উদ্দিন গত ২২ এপ্রিল যুক্তরাজ্যের বার্মিংহামে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিলো ৬৭ বছর। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রয়াতের কফিন দলীয় পতাকায় আচ্ছাদিত করে তার প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সহসভাপতি আলতাফ হোসেন, সাদেক হোসেন খোকাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অপর্ণের পর খালেদা জিয়া কমর উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এর আগে দলীয় কার্যালয়ের সামনে প্রয়াতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলের নেতা-কর্মীরা অংশ নেন। নয়া পল্টনে নামাজে জানাজা শেষে কমর উদ্দিনের কফিন অ্যাম্বুলেন্স যোগে সিলেটে নিয়ে যাওয়া হয়। কমর উদ্দিনের ছোট ভাই বিয়ানীবাজার বিএনপি সভাপতি আবদুল মতলিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে কমর উদ্দিনকে লাউতা গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। এদিন সকাল ১১টায় উপজেলায় প্রথম নামাজে জানাজার পর বাদ জোহর লাউতা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার বিকাল সাড়ে তিনটায় কমর উদ্দিনের মরদেহ ঢাকা পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুব দল নেতা কাইয়ুম চৌধুরী, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ কফিন গ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৩৯ ঘ.