২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান পরিবর্তন করতে নির্বাচন লাগবে: বিএনপি

সংবিধান পরিবর্তনের জন্য বর্তমান সরকারকে জনগণ ম্যান্ডেট দেয়নি দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শাসনতন্ত্রে মৌলিক পরিবর্তন করতে হলে নতুন করে নির্বাচন দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 08:09 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান পরিবর্তনের জন্য বর্তমান সরকারকে জনগণ ম্যান্ডেট দেয়নি দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শাসনতন্ত্রে মৌলিক পরিবর্তন করতে হলে নতুন করে নির্বাচন দিতে হবে। সংবিধান পরিবর্তন বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চলাকালেই বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, "সংবিধানের মৌলিক বিষয়ে কোনো সংশোধনী কিংবা পরিবর্তন আনতে হলে জনগণের ম্যান্ডেট প্রয়োজন। তাই এ ক্ষেত্রে নতুন নির্বাচনের কোনো বিকল্প নেই।" সভায় তার সঙ্গে সহমত পোষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমদও। সংবিধান পরিবর্তনে সরকারের উদ্যোগে সাড়া না দেওয়া বিএনপি নেতা ফখরুল বলেন, "সরকার সংবিধান সংশোধনী নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।" সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠার দিকে এগুচ্ছে দাবি করে তিনি বলেন, সংসদকে পাশ কাটিয়ে খসড়া সংবিধান মুদ্রণ থেকে সরকারের 'দুরভিসন্ধি' বোঝা যায়। সংবিধান সংশোধন বিষয়ক সংসদীয় বিশেষ কমিটিতে নিজেদের অন্তর্ভুক্ত করেনি। বিএনপি চেয়ারপারসনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও তাতে সাড়া দেননি তিনি। সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে 'সংবিধান নিয়ে অনিশ্চয়তা' শীর্ষক ওই আলোচনায় মধ্যবর্তী নির্বাচনে দাবি আবার তুলে ধরেন ফখরুল। এর পাশাপাশি আগামী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কোনো বিতর্কিত ব্যক্তিকে প্রধান না করার দাবি জানিয়ে তিনি বলেন, "নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। দলীয় আজ্ঞাবহ কমিশন মেনে নেওয়া হবে না। ইলেক্ট্রনিক ভোটিং পদ্ধতি চালু কোনোভাবে মেনে নেয়া হবে না।" আলোচনা সভায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ রউফ বলেন, "সংবিধান সংশোধনে অবশ্যই জনগণের রায় নিতে হবে। লোক দেখানো সভা করে বিশেষ কমিটি যে পথে সংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি করছেন, তা সঠিক নয়।" পঞ্চম সংশোধনীর রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "সংসদকে পাশ কাটিয়ে সরকার বিচার বিভাগের মাধ্যমে সংবিধান সংশোধন করছে। এটা সঠিক নয়।" সভাপতি আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক বোরহান উদ্দিন খান , কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক তারেক শামসুর রেহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালনক অধ্যাপক মিজানুর রহমান, এ্যাব সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫০০ ঘ.