ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিদেশে 'পাচার করা' অর্থ-সম্পদের বিষয়ে সরকার তদন্ত করছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-ঊল-আলম হানিফ।
সোমবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, "সরকার গোয়েন্দা সংস্থার মাধ্যমে এর তদন্ত করছে।"
হানিফ দাবি করেন, ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে বিশেষ বিমানে করে তৎকালীন প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সৌদি আরবে অর্থ-সম্পদ পাচার করেন।
বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রসঙ্গে এই আওয়ামী লীগ নেতা বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন হচ্ছে সরকার ও রাষ্ট্র পরিচালনায় আরোহণের একমাত্র পথ। একটি নির্দিষ্ট মেয়াদে দেশ পরিচালনার জন্য জনগণ একটি রাজনৈতিক দলকে ভোটাধিকার প্রয়োগ করে এবং সরকার গঠনের সুযোগ দিয়ে থাকে। তাই যখন-তখন নির্বাচনের প্রশ্ন তোলা গণতান্ত্রিক মনোভাবের পরিচয় বহন করে না।
তিনি বিএনপির নীতি নির্ধারকদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন করা হলে হানিফ বলেন, আওয়ামী লীগকে আন্দোলন-সংগ্রামের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আন্দোলনের মাধ্যমে এ দলটির জন্ম ও বিকাশ। তবে তাদের আন্দোলনের জবাবে আওয়ামী লীগ পাল্টা কোনো কর্মসূচি দেবে না।
বিদ্যুত সংকট নিরসনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, গত দুই বছরে সরকার জাতীয় গ্রিডে ১হাজার ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করেছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছেন- বিরোধী দলের এই অভিযোগের জবাবে হানিফ বলেন, সব নাগরিকই আইনের দৃষ্টিতে সমান। তারেক-কোকোও আইনের উর্ধ্বে নয়। বিএনপির এ ধরনের মন্তব্য অজ্ঞতাপ্রসূত, শঠতাপূর্ণ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২৩১৫ ঘ.
bdnews24