ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় কমিটির ডাকে সাড়া না দিয়ে খালেদা জিয়া যে চিঠি পাঠিয়েছেন, তার ভাষা 'অসৌজন্যমূলক ও শিষ্টাচার বহির্ভূত' বলে মন্তব্য করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবারের বৈঠকে বিরোধীদলীয় নেতা না গেলেও নির্ধারিত সময়ে বৈঠকে বসেন সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্যরা।
বৈঠকে না যাওয়ার কারণ দেখিয়ে সকালেই খালেদা একটি চিঠি পাঠায় কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে। সংসদীয় কমিটি সে চিঠি পর্যালোচনা করেন।
এরপর দুপুর ১টার দিকে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত বলেন, "বিএনপি যে চিঠি পাঠিয়েছে, তার ভাষা অসৌজন্যমূলক, অগণতান্ত্রিক, সংসদীয় শিষ্টাচার বহির্ভূত ও অনাকাক্সিক্ষত বলে আমাদের কাছে মনে হয়েছে।"
"সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক- তা চায় না বলেই বিএনপি বৈঠকে আসেনি", বলেন তিনি।
খালেদার চিঠির কোনো জবাব দেওয়া হবে না জানিয়ে সুরঞ্জিত বলেন, "আমরা আশা করেছিলাম, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি মতামত তুলে ধরতে বৈঠকে আসবে। যে প্রক্রিয়ায় দেশ ঐক্যবদ্ধ, সেখানে বিরোধী দলের সাংবিধানিকভাবে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না।"
"রাজনৈতিক ও সাংবিধানিকভাবে যুক্ত না হয়ে ভিন্নভাবে যদি বিএনপি কিছু করতে চান, তাহলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে", বিরোধী দলকে সতর্ক করে বলেন সরকারি দলের এই সংসদ সদস্য।
খালেদা বিশেষ কমিটির চিঠিকে 'দুরভিসন্ধিমূলক' আখ্যা দেওয়ায় সমালোচনা করে সুরঞ্জিত বলেন, "কাউকে আমন্ত্রণ ও নিমন্ত্রণ জানিয়ে দুরভিসন্ধি কীভাবে হয়, তা আমরা বুঝি না।"
সকালে সংসদীয় কমিটিতে পাঠানো খালেদার ওই চিঠিতে বলা হয়, "সংবিধান সংশোধনীর জন্য আপনি যে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন তা দুরভিসন্ধিমূলক। তাই আমরা মনে করি যে বিশেষ কমিটির এ প্রস্তাব যেহেতু সরকারের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার অপকৌশল মাত্র, সেহেতু এ বৈঠক অর্থবহ হবে না।"
পুনর্মুদ্রিত সংবিধান না পাওয়ার যে কথা বিএনপি চেয়ারপারসন বলেছেন, তা বৈঠকে এলেই পেতেন বলে জানান সুরঞ্জিত।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বৈঠকে বিএনপি না আসায় জাতীয় ঐকমত্যে কোনো প্রভাব পড়বে না। কারণ এখনো তাদের সংসদে এসে কথা বলার সুযোগ আছে।"
কমিটির সদস্য তোফায়েল আহমেদ বলেন, "শুরু থেকে এ কমিটিকে অবৈধ বললেও কমিটিতে চিঠি পাঠিয়ে বিএনপি প্রমাণ করেছে এ কমিটি বৈধ। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।"
বিএনপির চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংবিধান পুনর্মুদ্রণ করায় সংবিধানের ১৪২ অনুচ্ছেদ লঙ্ঘন হয়েছে।
এ বিষয়ে কমিটির সদস্য রাশেদ খান মেনন বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৬ ধারা মোতাবেক বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
"সংবিধান যদি না-ই থাকত, তাহলে বিএনপির আইনজীবীরাসহ আদালতে প্রতিদিন শ' শ' রিট মুভ করছে কীভাবে", বলেন কমিটির সদস্য ফজলে রাব্বী মিয়া।
এদিকে সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব ওমর ফারুক সাংবাদিকদের জানিয়েছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার সকাল ১১টায় আলোচনার কথা থাকলেও তা পিছিয়ে বুধবার করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে যাচ্ছেন।
আইনজ্ঞদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রোববার ধারাবাহিক বৈঠক শুরু করে সংসদীয় কমিটি। প্রথম দিনের আলোচনায় অধিকাংশ আইনজ্ঞ তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের পদে সদ্যসাবেক প্রধান বিচারপতিকে না রাখার বিধান করার পক্ষে মত দেন। ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের পরামর্শও এসেছে।
সংবিধান সংশোধনে গত বছরের ২১ জুলাই সাজেদাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের এ বিশেষ কমিটি গঠন করা হয়।
কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত, সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, রহমত আলী, ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আবদুুল মতিন খসরু, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ হাছান মাহমুদ ও শিরিন শারমিন চৌধুরী।
এ পর্যন্ত কমিটি সদস্যরা ১৬টি বৈঠক করেন। বিশেষ কমিটির অগ্রগতি জানাতে গত ১১ থেকে ১৩ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে কমিটির সদস্যরা। এরপরই সব দলের মতামত নিতে তিনদিনব্যাপী আলোচনার সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24