ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলনবিলের উন্নয়নে আগামী বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী একে খন্দকার।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবন মিলনায়তনে এক সেমিনারে তিনি বলেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় জলাধার চলনবিল। কিন্তু শুষ্ক মৌসুমে এই বিলে পানি থাকে না। আবার অনেক স্থান ভরাট হয়ে গেছে।
'চলনবিল অঞ্চলের মানুষের উন্নয়নের চ্যালেঞ্জ: বাস্তব অভিজ্ঞতা ও করণীয়' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলেপমেন্ট (এএলআরডি)।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, নদী, বিল, খাল শুকিয়ে যাচ্ছে, অবৈধ দখলের ফলে এর আকার ও আয়তন ধীরে ধীরে কমে যাচ্ছে।
এ সমস্যার সমাধানে স্থানীয় জনগণের পাশাপাশি সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
এএলআরডি'র চেয়ারপার্সন খুশী কবির বলেন, চলনবিল ও এ এলাকার মানুষের অধিকার রক্ষায় সরকার, নাগরিক সমাজ এবং উন্নয়ন সংগঠনগুলোকে এক হয়ে কাজ করতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভেলপমেন্ট লিংক ফাউণ্ডেশনের গবেষক আবুল হোসেন।
তিনি বলেন, বর্তমানে চলনবিলের প্রায় ২০ শতাংশ জমি অবৈধ দখলে আছে, এর মূল কারণ হলো আরএস রেকর্ডের দুর্নীতি।
"এ বিল রক্ষার জন্য অমৎস্যজীবীদের মৎস্যজীবী সমিতি গঠন বন্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো বিচ্ছিন্ন এলাকাকে নিয়ে নয়, সমগ্র চলনবিলকে একত্রে বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।"
সেমিনারে আরো বক্তব্য দেন- সংসদ সদস্য মকবুল হোসেন, মো. ইসহাক হোসেন তালুকদার, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, চলনবিল এলাকার সাংবাদিক মো. রুহুল আমিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/২২৪৬ ঘ.
bdnews24