ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, সরকারের ব্যর্থতার কারণে দেশের অর্থনীতি আজ 'রসাতলে' যাচ্ছে।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে 'মিথ্যা মামলা' প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এই কর্মসূচির আয়োজন করে।
শেয়ারবাজার থেকে ৮৫ হাজার কোটি টাকার 'লুট' করা হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, "এর কোনো বিচার হয়নি। দুর্নীতি বেড়েছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অর্থনীতি রসাতলে যাচ্ছে। এ সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।"
সরকারের বিরুদ্ধে বিচার বিভাগে 'দলীয়করণের' অভিযোগ তুলে এই বিএনপি নেতা বলেন, দলীয় দৃষ্টিকোণ থেকে তারা (সরকার) ১৭ জন বিচারক নিয়োগ দিয়েছে। সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মুদ্রাপাচার মামলা দ্রুত নিষ্পত্তির ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনার সমালোচনা করে তিনি বলেন, "অর্থপাচার মামলাটি যে আইনে করা হয়েছে তা আদালতের কাছে গ্রহণযোগ্য নয় বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা স্থগিত করেছে। অথচ এখন প্রধানমন্ত্রী ওই মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিচ্ছেন। এটা বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপ।''
বর্তমানে দেশে এক ব্যক্তির শাসন চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
মানববন্ধন কর্মসূচিতে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, মহিলা দলের রাবেয়া সিরাজ, রওশন আরা ফরিদ, শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এইচএ/১৯৫৬ ঘ.
bdnews24