২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-দিনাজপুর মহাসড়কে ছাত্রলীগের অবরোধ

কেন্দ্রীয় কমিটি ঘোষিত জেলা ছাত্রলীগ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে পদ না পাওয়া নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

দিনাজপুর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় কমিটি ঘোষিত জেলা ছাত্রলীগ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে পদ না পাওয়া নেতা-কর্মীরা। শনিবার বেলা ১১টার দিকে তারা দিনাজপুর সরকারী কলেজের সামনে অবরোধ করে। এরপর তারা ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কের দুই পাশে শতাধিক যান আটকা পড়ে। বিক্ষুব্ধরা নেতা-কর্মীরা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটনের কুশপুত্তলিকা দাহ করে। কেন্দ্রীয় কমিটি গত ১৬ এপ্রিল পারভেজ আহমেদ পরাগকে আহবায়ক এবং আসাদুজ্জামান রুবেল, আশরাফুল আলম, সৈকত পাল ও সাদেকুর রহমান বিপ্লবকে যুগ্ম আহবায়ক ঘোষণা করে। ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া জাকি ও দিনাজপুর সরকারী কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজন বলেন, "কমিটিতে প্রকৃত নেতাদের বাদ দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত ছাত্র, ঢাকার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র এবং উত্যক্ততা মামলার আসামিদের নিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।" এ কমিটি বাতিল করা না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুমকি দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৫২ ঘ.