২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা ছাত্রলীগ সভাপতির পদত্যাগ

প্রশাসনের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ এনে তাহমিদুর রহমান সিজু গাইবান্ধা জেলা ছাত্রলীগ সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

গাইবান্ধা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ এনে তাহমিদুর রহমান সিজু গাইবান্ধা জেলা ছাত্রলীগ সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। শুক্রবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী জেয়ার্দার ও কেন্দ্রীয় কমিটির সদস্য তানভীর রায়হান তুহিন। সংবাদ সম্মেলনে তাহমিদুর রহমান ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর তার লিখিত পদত্যাগপত্রটিও পড়ে শোনান। পদত্যাগের কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, পলাশবাড়ী-ঘোড়াঘাট ও গোবিন্দগঞ্জ-হিলি-ঘোড়াঘাট রুটে ব্যপকহারে ভারতীয় পণ্য চোরাচালান হয়ে আসছে। অথচ এ ব্যাপারে পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। এছাড়া গোবিন্দগঞ্জের ও সাদুল্লাপুরে অবাধে বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও সেবন, জুয়ার আসর এবং জেলার বিভিন্ন এলাকায় বৈশাখী মেলায় নগ্ন নৃত্য চললেও এ ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অভিযোগ করে কোনো সুফল মেলেনি। এ সবের প্রতিবাদে তিনি পদত্যাগ করছেন বলে জানান। এ ব্যাপারে গাইবান্ধার পুলিশ সুপারিনটেনডেন্ট বাসুদেব বণিক বলেন, গতকাল (বৃহস্পতিবার) জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগে তাদের একটি তদবির ছিল। তা না হওয়ায় অন্য একটি বিষয় নিয়ে তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.