২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আলেমদের সঙ্গে বেয়াদবি আল্লাহ সহ্য করবেন না'

জামিনে মুক্তি পাওয়ার পর ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের নিরীহ আলেম-ওলামাদের ওপর 'অন্যায় জুলুমের' বিচার হবেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

চট্টগ্রাম, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তি পাওয়ার পর ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের নিরীহ আলেম-ওলামাদের ওপর 'অন্যায় জুলুমের' বিচার হবেই। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে আরো বলেন, "আলেমদের সঙ্গে বেয়াদবি আল্লাহ কখনো সহ্য করবেন না।" শুক্রবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুফতি ইজহারকে মুক্তি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান কারাধ্যক্ষ রফিকুল কাদের। তার বিরুদ্ধে চট্টগ্রামে বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে এবং ঢাকায় একটি অপহরণ মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, ঢাকার অপহরণ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে, চট্টগ্রামের রাউজানের বিস্ফোরক মামলায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত এবং একই ঘটনায় সন্ত্রাস দমন আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পান মুফতি ইজহার। জামিনে মুক্তির পর বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির এই সভাপতি নগরীর লালখান বাজারে তার পচিালিত জামিয়াতুল উলুম মাদ্রাসায় যান এবং দুপুরে জুমআর নামাজের আগে তার অনুসারীদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, কোরআনবিরোধী নারী নীতিমালা ও শিক্ষানীতি করে সরকার ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশের আলেম সমাজ সরকারকে বিনা যুদ্ধে ছেড়ে দেবে না। তিনি অভিযোগ করেন, "আমাকে নির্যাতন করে সত্যের পথ থেকে বিচ্যুত করার চেষ্টা হয়েছে। আমাকে গ্রেপ্তারে র‌্যাবের সাজানো নাটকের নিন্দা জানাই।" এসময় অন্যান্যের মধ্যে নেজামে ইসলাম পার্টির মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুর রহমান চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার উপস্থিত ছিলেন। গত বছরের ১৫ ডিসেম্বর বিকালে নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসা থেকে মুফতি ইজহারকে আটক করে র‌্যাব। পরদিন তাকে সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাউজান থানায় সোপর্দ করা হয়। গত বছরের ১৩ ডিসেম্বর ভোর রাতে রাউজান উপজেলার গহীন অরণ্যে অভিযান চালিয়ে পাঁচ হুজি সদস্যকে গ্রেপ্তার করেছিল র‌্যাব সদস্যরা। ওই ঘটনায় রাউজান থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলায় মুফতি ইজহারকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামে ও ঢাকায় কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১৩৩ ঘ.