ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে মতামত দেওয়ার জন্য আওয়ামী লীগ, বিএনপি ও মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির প্রধানকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পৌঁছে দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি।
বুধবার আমন্ত্রণের চিঠি পাঠানো হয়েছে ১৮জন বিশেষজ্ঞের ঠিকানাতেও।
সংসদ সচিবালয়ের আইন শাখার যুগ্ম সচিব ও সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সচিব এ কে মোহাম্মদ হোসেন এবং বিশেষ কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতার একান্ত সচিব মোস্তফা কামালের তত্ত্বাবধানে দলীয় প্রধানের কার্যালয় ও বাসার ঠিকানায় গিয়ে এসব আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।
মোস্তফা কামাল রাত ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের হাতে শেখ হাসিনার চিঠি, রাত ৮টা ৫মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তার একান্ত সচিবের কাছে খালেদা জিয়ার চিঠি এবং রাত সাড়ে ৮টায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের চিঠি তার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে পৌঁছে দিয়েছি আমরা।"
চিঠিতে কী লেখা আছে জানতে চাইলে বিশেষ কমিটির চেয়ারম্যানের একান্ত সচিব বলেন, "সংবিধান সংশোধনকল্পে সার্বিক বিষয়ে মতামত চেয়ে বৈঠকে আসার জন্য এ আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এর বেশি কিছু আমার জানা নেই।"
এছাড়া বৈঠকে এসে মতামত দেওয়ার জন্য বিশেষ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ সাবেক প্রধান বিচারপতিসহ ১৮জন বিশেষজ্ঞের বাসভবনেও চিঠি পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
"এরপরও কেউ বাকি থাকলে (সংসদে প্রতিনিধিত্বকারী দলের কেউ) বৃহস্পতিবার সকালেই তাদের কাছে বৈঠকের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হবে।"
এর আগে বিশেষ কমিটির সচিব মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল পৌনে পাঁচটার দিকে বিশেষ কমিটির তালিকা অনুযায়ী দলীয় প্রধান, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের চিঠিতে সই করেছেন কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
মোহাম্মদ হোসেন বলেন, "বিশেষ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রধান ও সংশ্লিষ্টদের কাছে চিঠি পৌঁছে দেওয়া হচ্ছে।"
বৈঠকসূচি
বিশেষ কমিটির সচিব মোহাম্মদ হোসেন জানান, আগামী রোববার (২৪ এপ্রিল) সকাল ১১টায় সাবেক প্রধান বিচারপতি, আইনবিদ ও সংবিধান প্রণয়নে জড়িতদের মতামত নেওয়া হবে।
পরদিন ২৫ এপ্রিল সকাল ১১টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, এরপর বাংলাদেশের জাতীয় পার্টি-বিজেপির আন্দালিভ রহমান এবং বিকাল ৪টায় জাপাসহ সংসদে প্রতিনিধিত্বকারী অন্যদের সঙ্গে বৈঠকে বসবে বিশেষ কমিটি।
সবশেষে মঙ্গলবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বৈঠকে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।
অবশ্য বিশেষ কমিটির তালিকায় মোট কয়জনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং চিঠিতে কি লেখা রয়েছে- তা প্রকাশ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/২২৪৯ ঘ.
bdnews24