ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে মতামত দেওয়ার জন্য আওয়ামী লীগ, বিএনপি ও মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির প্রধানকে আমন্ত্রণ জানিয়ে চিঠি বিলি শুরু করেছে সংসদীয় বিশেষ কমিটি।
সংসদ সচিবালয়ের আইন শাখার যুগ্ম সচিব ও সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সচিব এ কে মোহাম্মদ হোসেন এবং বিশেষ কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতার একান্ত সচিব মোস্তফা কামাল দলীয় কার্যালয়ে গিয়ে এ আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছেন।
বিশেষ কমিটির সচিব মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকাল পৌনে পাঁচটায় বিশেষ কমিটির তালিকা অনুযায়ী দলীয় প্রধান, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের চিঠিতে সই করেছেন কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
মোহাম্মদ হোসেন বলেন, "বিশেষ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রধান ও সংশ্লিষ্টদের কাছে চিঠি পৌঁছে দেওয়া হচ্ছে।"
সংসদ উপনেতার একান্ত সচিব মোস্তফা কামাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিঠি তার গুলশান কার্যালয়ে এবং জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের চিঠি আজই পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমরা।"
বৈঠকসূচি
বিশেষ কমিটির সচিব মোহাম্মদ হোসেন জানান, আগামী রোববার (২৪ এপ্রিল) সকাল ১১টায় সাবেক প্রধান বিচারপতি, আইনবিদ ও সংবিধান প্রণয়নে জড়িতদের মতামত নেওয়া হবে।
পরদিন ২৫ এপ্রিল সকাল ১১টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, এরপর বাংলাদেশের জাতীয় পার্টি-বিজেপির আন্দালিভ রহমান এবং বিকাল ৪টায় জাপাসহ সংসদে প্রতিনিধিত্বকারী অন্যদের সঙ্গে বৈঠকে বসবে বিশেষ কমিটি।
সবশেষে মঙ্গলবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বৈঠকে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।
অবশ্য বিশেষ কমিটির তালিকায় মোট কয়জনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং চিঠিতে কি লেখা রয়েছে- তা প্রকাশ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/১৯৪৮ ঘ.
bdnews24