ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দস্তগীর চৌধুরী।
রোববার সকালে ঢাকায় তার মৃত্যু হয় বলে দলীয় নেতারা জানিয়েছেন। দস্তগীরের বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় অবস্থানরত দস্তগীর চৌধুরী ভোরে হৃদরোগে আক্রান্ত হন। তাকে এপোলো হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তিযোদ্ধা দস্তগীর বিএনপির আগে জাতীয় পার্টিতে যুক্ত ছিলেন তিনি। জাতীয় পার্টিতে থাকার সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন তিনি।
এছাড়া ক্রীড়া সংগঠক হিসেবেও দস্তগীরের পরিচিতি রয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তিনি।
দুপুরের পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জানাজা ও শ্রদ্ধা নিবেদনের পর দস্তগীরের মরদেহ নিয়ে বিমানে করে চট্টগ্রামের পথে রওনা হন চট্টগ্রাম বিএনপির নেতারা।
চট্টগ্রামের নেতা ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার চট্টগ্রামে জামায়াতুল ফালাহসহ কয়েকটি স্থানে জানাজার পর দস্তগীরকে পারিবারিক কবরস্তানে দাফন করা হবে।
দস্তগীরের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। এক শোববার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুরে আলমও শোক প্রকাশ করেছেন।
নযা পল্টনে জানাজায় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, মির্জা আব্বাস, চেয়ারপাসনের উপদেষ্টা এম মোরশেদ খান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, মোসাদ্দেক আলী, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, বরকতউল্লাহ বুলু, রুহল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা প্রমুখ।
জানাজার পর মির্জা ফখরুলের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা কফিনে ফুল দেয়।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এমসি/এসএম/এমআই/১৬৩২ ঘ.
bdnews24