২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মেয়র পদে বিএনপি প্রার্থী এগিয়ে

নোয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী মো. হারুনুর রশিদ আজাদ এগিয়ে রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 06:27 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

নোয়াখালী, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী মো. হারুনুর রশিদ আজাদ এগিয়ে রয়েছেন। শনিবার স্থগিত ১৪টি কেন্দ্রের ভোট গ্রহণ হয়। রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ১৪টি কেন্দ্রে হারুনুর রশিদ আজাদ (দেয়াল ঘড়ি) ১১ হাজার ৫৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত গোলাম মহিউদ্দিন লাতু (আনারস প্রতীক) পেয়েছেন ৫ হাজার ১৭৫ ভোট। এর আগে ৮টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে হারুনুর রশিদ আজাদ পেয়েছিলেন ২ হাজার ৫৮১ ভোট এবং গোলাম মহিউদ্দিন লাতু পেয়েছিলেন ৪ হাজার ৪৮২ ভোট। এই পৌরসভায় মোট ২৫টি কেন্দ্র রয়েছে। গত ১৮ জানুয়ারি নির্বাচনের সময় ব্যালট ছিনতাই, নির্বাচনী কর্মকর্তাদের মারধরসহ বিভিন্ন অনিয়ম ও সহিংসতার কারণে ১৭টির ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এরপর কমিশনের নিজস্ব ও বিচার বিভাগীয় তদন্তের পর স্থগিত হয়ে যাওয়া ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। বাকি তিন কেন্দ্রের ফলাফলের বৈধতা দিয়ে তা গেজেট আকারে প্রকাশের উদ্যোগ নেয় কমিশন। এরপর বিএনপি সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র হারুনুর রশিদ আজাদের রিট আবেদনে হাইকোর্ট ওই তিন কেন্দ্রের ফলাফল ঘোষণা স্থগিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/০০২২ ঘ.