ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোন্দকার ইব্রাহিম খালেদ হতাশা থেকেই পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের সামরিক আইনে শাস্তির কথা বলেছেন- মনে করেন রাশেদ খান মেনন।
শেয়ার বাজারে অস্থিরতার পেছনে জড়িতদের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পুঁজিবাজার তদন্ত কমিটির প্রধান ইব্রাহিম খালেদ বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেল বাংলাভিশনকে বলেন, "যদি মনে করেন যে, ধরে ধরে শাস্তি দিলে হবে- ধরে শাস্তি দেওয়া তো এতো সোজা না। আদালত আছে। আদালত তো সব সময় আসামির পক্ষে। কোর্ট কখনো নালিশকারীর পক্ষে থাকে না। '৯৬ সালে তো মামলা হয়েছিলো। একটারও তো জাজমেন্ট হয়নি।"
কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদ আরো বলেন, এ ধরনের অপরাধের বিচার সেনা শাসনের সময়ই দ্রুত সম্ভব হয়।
"এটা মার্শাল ল' তে হয়। ধরে এনে, বিচার করে শাস্তি দেওয়া যায়। এটা তো ডেমোক্রেসিতে হয় না।"
তদন্ত কমিটি প্রধানের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা কোনো কথা হতে পারে না। বিচার করতে কেন মার্শাল ল' লাগবে! বর্তমান আইনেই বিচার করা যাবে।
"মার্শাল ল' তো অন্যায় আইন। বিচারের জন্য মার্শাল ল'র কথা বলার কোনো মানে হয় না।"
গণতান্ত্রিক ব্যবস্থায় বিদ্যমান আইনে বিচার করা সম্ভব না হলে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা যেতে পারে বলেও মন্তব্য করেন মেনন ।
আইন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ শীর্ষ আইনজীবীরাও ইব্রাহিম খালেদের ওই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
এ বিষয়ে কথা বলার জন্য টেলিফোনে যোগাযোগ করা হলে ইব্রাহিম খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমককে বলেন, "আমি আপনাদের সঙ্গে কোনো কথা বলবো না।"
কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন চার সদ্যসের তদন্ত কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে একটি প্রতিবেদন জমা দেন। গত ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অস্থিরতার পরিপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/২১১৩ ঘ.
bdnews24