২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গণতান্ত্রিক শাসনে সামরিক আইনের কথা কাম্য নয়'

গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনো অপরাধের বিচারের জন্য সামরিক আইনের কথা বলা কোনোভাবেই কাম্য হতে পারে না বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 10:26 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনো অপরাধের বিচারের জন্য সামরিক আইনের কথা বলা কোনোভাবেই কাম্য হতে পারে না বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। পুঁজিবাজারে অস্থিরতার কারণ তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী বিদ্যমান আইনেই দোষী ব্যক্তিদের বিচার সম্ভব বলেও মত দিয়েছেন তিনি। পুঁজিবাজারে অস্থিরতার পেছনে জড়িতদের বিচার কেবল সেনা শাসনেই সম্ভব- খোন্দকার ইব্রাহিম খালেদের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আইন প্রতিমন্ত্রী শুক্রবার এ কথা বলেন। বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের এক প্রশ্নের জবাবে ইব্রাহিম খালেদ বলেন, "যদি মনে করেন যে, ধরে ধরে শাস্তি দিলে হবে। ধরে শাস্তি দেওয়া তো এতো সোজা না। আদালত আছে। আদালত তো সব সময় আসামির পক্ষে। কোর্ট কখনো নালিশকারীর পক্ষে থাকে না। '৯৬ সালে তো মামলা হয়েছিলো। একটারও তো জাজমেন্ট হয়নি।" ইব্রাহিম খালেদ আরো বলেন, এ ধরনের অপরাধের বিচার সেনা শাসনের সময়ই দ্রুত সম্ভব হয়। "এটা মার্শাল ল' তে হয়। ধরে এনে, বিচার করে শাস্তি দেওয়া যায়। এটা তো ডেমোক্রেসিতে হয় না।" এর প্রতিক্রিয়ায় আইন প্রতিমন্ত্রী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুঁজিবাজারে অস্থিরতার কারণ খুঁজতে তদন্ত কমিটি হয়েছে। তারা প্রতিবেদনও জমা দিয়েছে। এতে যারা দোষী সাব্যস্ত হবে, প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী বর্তমান আইনেই তাদের বিচার সম্ভব। "গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিচারের জন্য বিদ্যমান আইনের কোনো বিকল্প চিন্তার অবকাশ নেই। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নস্যাত করে এ ধরনের চিন্তাভাবনা নিয়ে কথা বলা কাম্য নয়।" ইব্রাহিম খালেদের ওই বক্তব্যের সমালোচনা করে ব্যারিস্টার রফিক-উল হক ও আনিসুল হকের মতো শীর্ষ আইনজীবীরা বলেছেন, ওই বক্তব্য 'উস্কানিমূলক' ও 'দায়িত্বজ্ঞানহীন'। এ বিষয়ে কথা বলার জন্য টেলিফোনে ইব্রাহিম খালেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আপনাদের সঙ্গে কোনো কথা বলবো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৬২২ ঘ.